উখিয়ায় মোহাম্মদ হানিফ (২১) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে উপজেলার রাজাপালং ইউনিয়নের চাকবৈঠা ৪ নম্বর ওয়ার্ডের নিজ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পরিবারের সদস্যরা জানান, সকাল ১১টার দিকে হানিফকে ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। পরে দ্রুত তাকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মোহাম্মদ হানিফ চাকবৈঠা এলাকার মো. আলী আহমদের ছেলে। তিনি কক্সবাজার সিটি কলেজের শিক্ষার্থী ছিলেন এবং এইচএসসি পরীক্ষা শেষ করেছেন।
ঘটনার খবর পেয়ে উখিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তবে কী কারণে হানিফের মৃত্যু হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। কলেজ ছাত্র হানিফের আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।