বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে অবৈধভাবে উত্তোলন করা সাড়ে ৩ লাখ টাকা সমমূল্যের বালু জব্দ করল উপজেলা প্রশাসন।
শুক্রবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার এনামুল হাসানের নেতৃত্বে উপজেলা প্রশাসন এসব বালু জব্দ করে।
সূত্রমতে, একটি মহল দীর্ঘ দিন ধরে উপজেলার বাইশারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড় কাগজিখোলা ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে উপজেলার বাইরে, চকরিয়া ও ঈদগাঁওতে বিক্রি করে পকেট ভারী করে আসছিল।
যাদের মধ্যে সরকারী দল ও কার্যক্রম সংগঠনের ৫ নেতা জড়িত। খবর পেয়ে উপজেলা প্রশাসন শুক্রবার ঝটিকা অভিযান চালায় সেখানে। তিনি গিয়ে ঘটনাস্থল থেকে প্রায় ১ হাজার ৫০০ ঘনফুট বালু জব্দ করেন। পরে জব্দ করা বালু প্রকাশ্য নিলামে বিক্রি করা হলে সর্বোচ্চ দর ওঠে ৩ লাখ ৩১ হাজার ৫০০ টাকা। যা নাইক্ষ্যংছড়িতে প্রথম।
অভিযান পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসান বলেন, কেউ সরকারি আইন ও বিধির বাইরে বালু উত্তোলন সহ বিপনন করলেই ব্যবস্থা।
পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় অবৈধভাবে বালু উত্তোলন ও মজুতের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় সচেতন মহলের প্রত্যাশা, শুধু কাগজিখোলা নয়, নাইক্ষ্যংছড়ি উপজেলার যেসব এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও মজুত করা হচ্ছে, সেসব স্থানেও প্রশাসনের নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।