কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এলাকায় ছিনতাই প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় পরিচালিত বিশেষ অভিযানে এক হত্যা মামলার আসামি, ৩ জন চিহ্নিত ছিনতাইকারীসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। গতকাল জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে শহর ও আশেপাশের এলাকা থেকে ১ জন হত্যা মামলার আসামি, ৩ জন চোর ও ছিনতাইকারী, ৬ জন মাদকসেবী এবং ১ জন পরোয়ানাভুক্ত আসামিকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত হত্যা মামলার আসামি হলেন কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড পূর্ব লাইট হাউজ ফাতিরগুনা এলাকার জাহেদুল ইসলাম বাবু (২৩)।
গ্রেপ্তারকৃত ৩ চোর ও ছিনতাইকারী হলেন- চৌফলদণ্ডীর মাগদ্যার পাড়া (বর্তমানে ১নং ওয়ার্ড সমিতি পাড়া) এলাকার শেফায়েত উল্লাহ (২৬), চট্টগ্রাম চন্দনাইশের বাসিন্দা (বর্তমানে ১২ নম্বর ওয়ার্ড বাগঘোনা এলাকা) মোহাম্মদ রুবেল ওরফে হাসান (২৯) এবং পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড বাহারছড়া এলাকার হাফিজ উদ্দিন (৩৮)।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত এই ৩ ছিনতাইকারীর বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, দ্রুত বিচার আইন, চুরি ও মাদকসহ কক্সবাজার সদর থানা ও চট্টগ্রামের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে শেফায়েত উল্লাহর বিরুদ্ধে ৮টি, রুবেল ওরফে হাসানের বিরুদ্ধে ৪টি এবং হাফিজ উদ্দিনের বিরুদ্ধে ৬টিরও বেশি মামলা চলমান রয়েছে।
অভিযানে গ্রেপ্তারকৃত অন্য আসামিরা হলেন- পরোয়ানাভুক্ত আসামি ঝিলংজা ইউনিয়নের ঝিরঝিরি পাড়ার আরাফাত হোসেন (২১) এবং ৬ জন মাদকসেবী যথাক্রমে কক্সবাজার শহরের টেকপাড়ার মিজানুর রহমান (২৯), ঈদগাঁও কালিরছড়ার আব্দুল আল সাজ্জাদ (১৯) ও আতিকুর রহমান (২৬), বাগেরহাটের মংলার বাসিন্দা মোঃ সালাম (২৯), ঈদগাঁও দরগাহ পাড়ার আবু বক্কর (৩১) এবং টেকনাফ পল্লান পাড়ার মোহাম্মদ আয়াজ (৩০)।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ জানায়, পর্যটন শহর ও সংলগ্ন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, ছিনতাইকারী ও অপরাধীদের দমনে পুলিশি এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।