উখিয়া টেকনাফ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, মেধাবী শিক্ষার্থীরা হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। মেধাকে কাজে লাগিয়ে দেশ ও জাতি গঠনে অবদান রাখতে হবে।
বৃহস্পতিবার উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, বিদায়ী শিক্ষক ও নবগঠিত এসএমসি কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ শাহজাহান চৌধুরী আরো বলেন, শিক্ষা হচ্ছে উন্নয়নের মূল চাবিকাঠি। শিক্ষার মাধ্যমে সমাজকে বদলাতে হবে। মাদক অনলাইন জুয়া ও মোবাইল আসক্ত থেকে শিক্ষার্থীদেরকে দূর থেকে নিজেদের ক্যারিয়ার গড়ে তোলার জন্য আহ্বান জানান। এ সময় বিদ্যালয়ের সার্বিক লেখাপড়ার মান উন্নয়নে একটি বহতল ভবন নির্মাণের প্রতিশ্রুতি দেন শাহজাহান চৌধুরী।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক তহিদুল আলম তহিদের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার উপজেলা বিএনপির সভাপতি সরোয়ার জাহান চৌধুরী ও উপজেলা শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম সিরাজী।
বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মাস্টার শামসুল আলম, উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ, সাবেক প্রধান শিক্ষক এস এম কামাল উদ্দিন।
অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়। এ সময় শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন।
২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪৬ জন পরীক্ষার্থী বৃত্তি পেয়ে সারাদেশে উখিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে।