কক্সবাজারে পাহাড় ধসে মাটিচাপা পড়ে লিমা আক্তার (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মৃতের স্বামী মোহাম্মদ জসিমকে (৩৬) গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৩টার দিকে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডস্থ দরিয়ানগর বড় ছড়া এলাকায় এ পাহাড় ধসের ঘটনা ঘটে। মৃত লিমা ও আহত জসিম ওই এলাকার বাসিন্দা এবং পেশায় সমুদ্রসৈকতের ফিশ ফ্রাই বিক্রেতা।
ফায়ার সার্ভিস জানায়, টানা ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। এর মাঝেও পাহাড়ের পাদদেশে ঝুঁকি নিয়ে বসবাস করছিলেন ওই দম্পতি ও তাদের দুই সন্তান। ঘটনার সময় বাচ্চারা ঘরের বাইরে থাকলেও স্বামী-স্ত্রী দুজনেই ভেতরে ঘুমাচ্ছিলেন। হঠাৎ বিকেল ৩টার দিকে চারটি বড় আকৃতির গাছসহ পাহাড়ের একাংশ তাদের ঘরের ওপর ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই মাটিচাপা পড়েন স্বামী-স্ত্রী।
পরে স্থানীয়রা দ্রুত মাটি সরিয়ে তাদের দুজনকে উদ্ধার করেন। তবে এর আগেই লিমা আক্তারের মৃত্যু হয়। আহত জসিমকে দ্রুত কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এদিকে, পাহাড় ধসের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, ফায়ার সার্ভিস ও পুলিশের টিম। পরবর্তী দুর্ঘটনা এড়াতে আশপাশের এলাকায় মাইকিং করার পাশাপাশি পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরিয়ে নেয়া হয়েছে।
এর আগে, টানা বৃষ্টির কারণে সোমবার (৬ জুলাই) পাহাড় ধসে কক্সবাজারে ১০ জনের মৃত্যু হয়। এর মধ্যে রোহিঙ্গা ক্যাম্পেই মারা যান আটজন।