অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারি পণ্য উৎপাদনসহ নানা অপরাধে ৬টি প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার।
সোমবার (০৫ অক্টোবর ) সকাল ১১টা চকরিয়ার উপজেলার মগবাজার ও চিরিঙ্গা বাজার এলাকায় এ অভিযানের নেতৃত্ব দিয়েছেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ।
তিনি বলেন, চকরিয়ার দুটি এলাকায় সোমবার টানা দুই ঘন্টা অভিযানে ৬টি প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারি পণ্য উৎপাদনসহ নানা অপরাধে আর রহমান বেকারিকে ৫০ হাজার টাকা, চিরিঙ্গা বাজারে নিউ সাতকানিয়া স্টোরকে মোড়কজাত শিশু খাদ্যে উৎপাদনের তারিখ, মেয়াদ, এমআরপি, উপাদান না থাকায় ৫ হাজার টাকা, ফল বিতানকে মূল্য তালিকা প্রদর্শন না করায় ৫ হাজার টাকা, শাহ আমানত স্টোরকে প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় না করার অপরাধে ১০ হাজার টাকা, আজাদ স্টোরকে মোড়কজাত পণ্যে এমআরপি না থাকা ও প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় না করার অপরাধে ১০ হাজার টাকা এবং মেসার্স টিপু স্টোরকে মূল্য তালিকা প্রদর্শন না করায় ৫ হাজারসহ মোট ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও মিস্টির দোকান, মুরগির দোকান, মাংসের দোকান, মুদি দোকানসহ নিত্য প্রয়োজনীয় পণ্যসমূহ ইত্যাদি তদারকি করা হয়েছে। জনস্বার্থে এ তদারকি চলমান থাকবে বলে তিনি জানান।