কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের নির্দেশনায় গতকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিনভর দুই উপজেলার পৌরসভা, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে সক্রিয় অবস্থান, প্রতিরোধ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
একই সঙ্গে দুই উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দিনভর তৎপর ছিল পুলিশ প্রশাসন, যেখানে সর্বাত্মক সহযোগিতা করেছেন দলীয় নেতাকর্মীরা।
দলীয় নেতাকর্মীদের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর যেকোনো ধরনের সম্ভাব্য নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তাঁরা রাজপথে অবস্থান নেন।
স্থানীয় বিএনপি সূত্রে জানা যায়, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় সংসদে সরকারি দলের সংসদীয় কমিটির জরুরি বৈঠক শেষে এমপি আলমগীর ফরিদ মহেশখালী উপজেলার পৌরসভা ও ৮টি ইউনিয়নের ৮১টি ওয়ার্ড এবং কুতুবদিয়া উপজেলার ৬টি ইউনিয়নের ৫৪টি ওয়ার্ডের নেতাকর্মীদের রাজপথে থাকার নির্দেশ দেন।
তাঁর এই নির্দেশনার পরপরই বৃহস্পতিবার সকাল থেকে মহেশখালী উপজেলা সদরসহ মাতারবাড়ি, শাপলাপুর, কালারমারছড়া, হোয়ানক, বড় মহেশখালী, ছোট মহেশখালী ও কুতুবজোম ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্টেশন ও সড়কগুলোতে অবস্থান নেন বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। একইভাবে কুতুবদিয়া উপজেলার লেমশীখালী, বড়ঘোপ, আলী আকবর ডেইল, উত্তর ধুরুং, দক্ষিণ ধুরুং ও কৈয়ারবিল ইউনিয়নেও দিনভর মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত হয়।
মহেশখালী উপজেলা সদরে যুবদল নেতা আ স ম জাহেদুল হক নাহিদের নেতৃত্বে এবং কুতুবদিয়ার লেমশীখালী চৌমুহনী স্টেশনে ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আকতার হোছাইনের নেতৃত্বে নেতাকর্মীদের সরব উপস্থিতি দেখা যায়। এছাড়া শাপলাপুর ও মাতারবাড়িতেও স্থানীয় নেতৃবৃন্দের নেতৃত্বে পৃথক প্রতিরোধ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
অন্যদিকে, সম্ভাব্য যেকোনো নাশকতা বা অপ্রীতিকর ঘটনা এড়াতে ভোর থেকেই মহেশখালী ও কুতুবদিয়া থানা পুলিশের একাধিক দল গুরুত্বপূর্ণ পয়েন্ট ও সড়কগুলোতে টহল জোরদার করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই তৎপরতায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।
কর্মসূচিগুলোতে বক্তব্য রাখতে গিয়ে স্থানীয় নেতৃবৃন্দ বলেন, সংসদ সদস্য আলমগীর ফরিদের নির্দেশ অনুযায়ী এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে তাঁরা দিনভর সজাগ ছিলেন।
প্রশাসনকে সহযোগিতা করার পাশাপাশি কোনো মহল যাতে কোনো ধরনের নাশকতা সৃষ্টি করতে না পারে, সেজন্য প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে রাজপথে দায়িত্ব পালন করেছেন।
পুলিশ প্রশাসনের কঠোর নজরদারি এবং বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর শান্তিপূর্ণ অবস্থানের ফলে দিনভর মহেশখালী ও কুতুবদিয়া উপজেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।