নাইক্ষ্যংছড়িতে পুলিশের বিশেষ অভিযানে একটি পুরাতন জিপ গাড়ি (স্থানীয়ভাবে পরিচিত চাঁন্দের গাড়ি) থেকে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মো. জাকারিয়া (২৪) নামে এক গাড়িচালককে আটক করেছে পুলিশ।
সে নাইক্ষ্যংছড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ছেরারকুল এলাকার মো: রফিক আহমদের ছেলে।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা পাচারের বিষয়টি জানতে পেরে তারা বিছামারা এলাকায় ব্রিকফিল্ডের সামনে সড়কে গাড়িটিকে থামানোর সংকেত দেয় । পরবর্তীতে গাড়িটি তল্লাশি করে পেছনে রাখা অতিরিক্ত টায়ারের ভেতর থেকে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধারকৃত ইয়াবা ও গাড়িটি জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়। পরে আটক ব্যক্তি ও জব্দকৃত আলামতসহ থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোজাম্মেল হক বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান আরও জোরদার করা হয়েছে।