কক্সবাজার পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে অপরাধ প্রতিরোধ, চোর-ছিনতাইকারীর উপদ্রব রোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গতকাল বিশেষ অভিযান পরিচালনা করে ১৮ জন আসামিকে গ্রেফতার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।
বিশেষ এই অভিযানে ১৩ জন মাদকসেবী, ধর্তব্য বা আমলযোগ্য অপরাধে ১ জন এবং বিজ্ঞ আদালতের পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) ৪ জন আসামিকে আইনের আওতায় আনা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, পৌরসভার বিভিন্ন পয়েন্টসহ সদর উপজেলার ইউনিয়নভিত্তিক এলাকাগুলোতে অপরাধ দমনে পুলিশের একাধিক দল একযোগে এ অভিযান পরিচালনা করে। অভিযানে মাদকের কুনজরে থাকা ও প্রকাশ্যে মাদক সেবনের অপরাধে ১৩ জনকে হাতেনাতে আটক করা হয়। ধৃত মাদকসেবীদের মধ্যে কক্সবাজার পৌরসভার বাসিন্দা সাইফুর ইসলাম (৪২), মোর্শেদ (৩৭), মুজিবুর রহমান (৩১), মোঃ শাহিন (৩৫) ও মোঃ শহিদুল (৩৮) ছাড়াও মহেশখালীর বাসিন্দা মানিক চন্দ্র ঘোষ (৩৮) ও রুপন কান্তি দে (৪৯), ঈদগাঁও উপজেলার ফজলুল ইসলাম ফয়েজ (২৫), রামুর মোঃ জসিম (৪২) এবং রংপুরের মোস্তাফিজুর রহমান (৩৮) অন্তর্ভুক্ত রয়েছেন।
পাশাপাশি বিভিন্ন অপরাধের অভিযোগে পিএমখালী ইউনিয়নের মিজানুর রহমান (২৯)-কে গ্রেফতার করা হয়। এ ছাড়া আদালতের পরোয়ানা তামিল করতে গিয়ে কক্সবাজার পৌরসভার উত্তর নুনিয়ারছড়ার মেসার্স দরবার ফিশারীজের মোঃ আজিজুল হক আজিজ, মধ্যম টেকপাড়ার সিফাত নুর আলিফ, ভারুয়াখালীর মোঃ রিয়াদ (২০) এবং খুরুশকুলের আজিজুল হক ওরফে জাহেদ নামের ৪ পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করে পুলিশ।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, পর্যটন শহর ও সংলগ্ন ইউনিয়নগুলোতে সাধারণ মানুষের নিরাপত্তা সুসংহত রাখতে এই ধরনের সাঁড়াশি অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। গ্রেফতারকৃত সকল আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।