নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দেশবিরোধী ষড়যন্ত্র, সন্ত্রাসী কার্যক্রম এবং সাম্প্রতিক অপরাজনৈতিক অপতৎপরতার বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়ে মহেশখালীতে বিশাল মোটরসাইকেল শোডাউন করেছে মহেশখালী উপজেলা ছাত্রদল।
মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে গতকাল রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে বড় মহেশখালীর ঐতিহাসিক নতুন বাজার মাঠ থেকে এই বিশাল শোডাউন শুরু হয়।
তরুণ বিএনপি নেতা আ. স. ম. জাহেদুল হক নাহিদের সরাসরি নেতৃত্বে এবং মহেশখালী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তারেক রহমান জুয়েলের সভাপতিত্বে শোডাউন পূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা, পৌরসভা, কলেজ ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ স্পষ্ট বার্তা দিয়ে বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের আপামর ছাত্র-জনতা পরিবর্তনের যে নতুন আকাঙ্ক্ষা সৃষ্টি করেছে, তা নস্যাৎ করার যেকোনো ষড়যন্ত্র রাজপথে কঠোরভাবে প্রতিহত করা হবে। শহীদ জিয়ার স্বনির্ভর বাংলাদেশ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উন্নয়ন-উৎপাদনমুখী রাজনীতি ফিরিয়ে আনতে এবং দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে মহেশখালী-কুতুবদিয়ার ছাত্রদল সর্বদা ঐক্যবদ্ধ ও প্রস্তুত রয়েছে।
সংক্ষিপ্ত সমাবেশ শেষে বড় মহেশখালী নতুন বাজার মাঠ থেকে বিপুল সংখ্যক মোটরসাইকেলের বহর নিয়ে শোভাযাত্রাটি বের হয়। শোডাউনটি উপজেলা সদর, হোয়ানক, কালারমার ছড়া ও মাতারবাড়ির প্রতিটি অলিগলি প্রদক্ষিণ করে এক পথসভায় মিলিত হয়।
উক্ত কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমন চৌধুরী, আব্দুল আজিজ নয়ন, আসমাউল হাসান, তায়েব ইলাহি; পৌর ছাত্রদলের আহ্বায়ক জাহেদ হাসান জিসান, সদস্য সচিব আলাউদ্দিন নাঈম; মহেশখালী কলেজ ছাত্রদলের সদস্য সচিব আকাশ নুরসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সর্বস্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী।