উন্নয়নবঞ্চিত এলাকা ও স্থানীয় মানুষের দুঃখ দুর্দশার কথা শুনতে পৌরসভার এস এম পাড়ায় সরেজমিনে পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।
বুধবার ( ০৪ নভেম্বর ) সকাল ১১ টায় পরিদর্শন শেষে এলাকার উন্নয়নে স্থানীয়দের সাথে কথা বলে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন। এসময় তিনি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সাথে কথা বলেন এবং সড়কের জন্য বরাদ্দের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পরামর্শ দেন।
এমপি বলেছেন, কাজ করার জন্য মানুষ আমাকে দায়িত্বে বসিয়েছে। এলাকার সমস্যার পাশাপাশি মানুষের চাওয়া পাওয়াকে গুরুত্ব দেওয়া হচ্ছে। সদর, রামু ও ঈদগাঁও উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রচুর কাজ হয়েছে। এলাকার উন্নয়নে আমার চেষ্টা অব্যাহত থাকবে জানান তিনি।
স্থানীয়রা মনে করছেন, সড়কের কাজ শুরু হলে মানুষের দীর্ঘদিনের যাতায়াত সমস্যা লাঘব হবে এবং বর্ষা মৌসুমেও দুর্ভোগ অনেকটা কমবে। পাশাপাশি স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের জন্য এই সড়কগুলো খুবই গুরুত্বপূর্ণ।
ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ ও স্থানীয়রা এসময় উপস্থিত ছিলেন।