রাখাইন সম্প্রদায়ের ৩৮ জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা দেওয়ার মধ্য দিয়ে কক্সবাজারে অনুষ্ঠিত হলো রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন। অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু বলেছেন, সব ধর্ম, ভাষা ও জাতিসত্তার মানুষের মর্যাদা নিশ্চিত করে বৈষম্যহীন সমাজ গড়তে সরকার কাজ করছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে আয়োজিত সম্মাননা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘রেইনবো নেশন’ ধারণার কথা তুলে ধরেন। মন্ত্রী বলেন, বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে মেলবন্ধন, পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতা বাড়ানোর পাশাপাশি ন্যায়বিচার প্রতিষ্ঠা সরকারের লক্ষ্য।
কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের পর্যটন সম্ভাবনার কথাও তুলে ধরেন সাচিং প্রু। পর্যটন এলাকাকে পরিচ্ছন্ন ও আকর্ষণীয় রাখার পাশাপাশি মাদকমুক্ত পরিবেশ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
রাখাইন সম্প্রদায়ের শিক্ষা, পেশা ও সমাজজীবনে অবদানের প্রশংসা করে মন্ত্রী বলেন, তাঁদের অর্জন বিভিন্ন মাধ্যমে তুলে ধরতে হবে। অনুষ্ঠানে চিকিৎসক, প্রকৌশলী, সিভিল ও পুলিশ ক্যাডারসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ৩৮ জনকে জীবিত ও মরণোত্তর সম্মাননা দেওয়া হয়।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মং হলা চিংয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফর রহমান কাজল ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা বেগম স্বপ্না। আলোচনা শেষে রাখাইন শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।