কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক মাদক মামলার আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)।
সোমবার (১৪ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫, সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প)-এর একটি আভিযানিক দল হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামির নাম মোহাম্মদ বাবুল মিয়া (২৫)। তিনি টেকনাফ থানার ১নং ওয়ার্ড হোয়াইক্যং কাঞ্জরপাড়া এলাকার মৃত মীর কাশিমের ছেলে।
র্যাব-১৫ সূত্রে জানা যায়, বিজ্ঞ আদালত কর্তৃক বাবুল মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫,০০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়ে পরোয়ানা জারি করা হয়েছিল। সাজা এড়াতে আসামি নাম-পরিচয় গোপন করে এতদিন দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-১৫-এর সহকারী পরিচালক (ল' অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে গ্রেপ্তারকৃত আসামিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে। মাদক ও পরোয়ানাভুক্ত আসামিদের বিরুদ্ধে র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।