টেকনাফে সীমান্ত নিরাপত্তার দায়িত্ব পালনকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এসময় এক বিজিবি সদস্য আহত হয়েছেন এবং টহল দলের ব্যবহৃত একটি পিকআপের তিনটি গ্লাস ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে তিনজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত আনুমানিক ১১টা ১০ মিনিটে টেকনাফ উপজেলার ওলিয়াবাদ মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা যায়, রোহিঙ্গা অনুপ্রবেশ প্রতিরোধে নিয়োজিত টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর এক প্লাটুন স্পেশাল টহল দলের ওপর একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে ইটপাটকেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে এক বিজিবি সদস্য আহত হন। একই সঙ্গে টহল দলের ব্যবহৃত পিকআপের পেছনের দরজাসহ মোট তিনটি গ্লাস ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার পরপরই বিজিবি ও পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। রাত আনুমানিক ১১টা ৫৫ মিনিটে অভিযান চালিয়ে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, খোরশেদ আলম (২৫), আকিব (২২), আব্দুল গফুর (১৯)। তাঁদের সবার বাড়ি টেকনাফ সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নতুন পল্লান পাড়ায়।
এদিকে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আটকের লক্ষ্যে পুলিশ, এসআরবি ও বিজিবির যৌথ অভিযান অব্যাহত রয়েছে।
জানতে চাইলে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, সীমান্ত এলাকায় জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। দায়িত্ব পালনকালে বিজিবি সদস্যদের ওপর এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের অপতৎপরতা প্রতিরোধে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিজিবির সমন্বিত কার্যক্রম অব্যাহত থাকবে।
বিজিবি আরও জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড, সরকারি গাড়ি ভাঙচুর এবং সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে টেকনাফ মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।