এস. এম. তারেক
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও থানার সামনে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাচালকসহ পাঁচজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে একজন নারী ও চারজন পুরুষ রয়েছেন। এ ঘটনায় আহত কারও বেঁচে থাকার তথ্য পাওয়া যায়নি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে তিনজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাঁরা হলেন—চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের নলবনিয়া এলাকার শামশুল আলমের ছেলে সাহাব উদ্দিন, বান্দরবানের লামা উপজেলার ছাবের আহমদের ছেলে সাহাব উদ্দিন এবং ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের দক্ষিণ নাইক্ষ্যংদিয়া এলাকার ইদ্রিসের ছেলে জসিম উদ্দিন। অপর দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যায় কক্সবাজারমুখী ‘হানিফ পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা চকরিয়ামুখী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা ও পথচারীরা বাকিদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অন্যদেরও মৃত্যু হয়।
দুর্ঘটনার পর উদ্ধারকাজে অংশ নেওয়া ডালার দোয়ার এলাকার আবদুর রহমানের ছেলে মোহাম্মদ রিয়াদ জানান, বিকট শব্দ শুনে তাঁরা ঘটনাস্থলে ছুটে যান এবং গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরে সেখানে তাঁদের মৃত্যুর খবর পান।
দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঈদগাঁও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেন।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম সিফাতুল মাযদার দুর্ঘটনায় পাঁচজন নিহত হওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থল থেকে হতাহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।