কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে অপরাধ নিয়ন্ত্রণ, চুরি ও ছিনতাই প্রতিরোধে পরিচালিত সাঁড়াশি অভিযানে চোর-ছিনতাইকারীসহ ২৫ জন আসামিকে গ্রেফতার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। একই সাথে এলাকা থেকে ১৭ জন কিশোর গ্যাং সদস্যকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
গত ৫ সেপ্টেম্বর বিকেল ৫ টা থেকে ৬ সেপ্টেম্বর সকাল ১০টা পর্যন্ত ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে এ গ্রেফতার ও আটকের ঘটনা ঘটে।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, বিশেষ এই যৌথ অভিযানে ৪ জন পেশাদার চোর ও ছিনতাইকারী, ৭ জন মাদকসেবী, ধর্তব্য অপরাধে ৭ জন, পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) ৬ জন এবং নিয়মিত মামলার ১ জন আসামিসহ মোট ২৫ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শীর্ষ ছিনতাইকারীদের মধ্যে বাহারছড়ার বহুল আলোচিত একাধিক মামলার আসামি মোঃ আরিফুল ইসলাম ওরফে আরিফ (৩২)-কে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে অস্ত্র, মাদক, অপহরণ ও দ্রুত বিচার আইনে ১০টি মামলা রয়েছে। এছাড়া ছিনতাই চক্রের সদস্য কায়সার আলম রিয়াদ (২৩), মোঃ তৌহিদুল ইসলাম (২৬) ও লোকমান হাকিম ওরফে হাকিম (৩৫)-কে আটক করা হয়। আটককৃত এসব ছিনতাইকারীদের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতির চেষ্টা, চুরি ও বিশেষ ক্ষমতা আইনে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
অভিযানে চিহ্নিত মাদকসেবী হিসেবে রুবেল (৩৬), আরিফা আক্তার (১৮), মুজিবুর রহমান (৩২), মোঃ রাশেদ (১৯), মোঃ হারুন আর রশিদ (৩০), মনির হোসেন সায়েম (৩৫) ও আপেল মাহমুদ (২৭)-কে গ্রেফতার করে পুলিশ।
এছাড়াও জনউপদ্রব ও ধর্তব্য অপরাধে কুলসুমা (২২), মোঃ রিয়াদ বাবু (২৭), আল মাহিন (১৯), সরোয়ার শাহিল (২৬), মোঃ ইমন (২০), রাকিবুল হাসান (২৩) ও মোঃ হাসেম (৩২)-কে আটক করা হয়েছে। একই সাথে আদালতের পরোয়ানাভুক্ত ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ মফিজুর রহমান, মোঃ ইমরান, মোজাম্মেল হক, মোঃ তৌহিদুল ইসলাম, মোঃ সাদেক হোসেন খোকা ও মনির আহমদ লিটনকে গ্রেফতার করে আইনানুগ প্রক্রিয়ায় সোপর্দ করা হয়।
অভিযান পরিচালনাকালে পৌরসভার বিভিন্ন এলাকা থেকে গ্যাং কালচার ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত সন্দেহে ১৭ জন কিশোরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অপরাধ দমন ও শহরের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে। আটক ও গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।