টেকনাফে অভিযান চালিয়ে ১ লক্ষ ২৯ হাজার ৬০০ পিস ইয়াবাসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গত ১ নভেম্বর দুপুরে এসআরবি-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) এবং ২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের যৌথ আভিযানিক দল টেকনাফ সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বিআরএম-৫ সীমান্ত পিলার থেকে দক্ষিণ দিকে গফুর মেম্বারের প্রজেক্ট সংলগ্ন নাফ নদীর তীরে এই অভিযান পরিচালনা করে।
অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালানোর চেষ্টা করলে যৌথ দল টেকনাফ পৌরসভার উত্তর জালিয়াপাড়ার আব্দুল খালেক (২৫) ও নুর ফয়সাল (২৫), ইসলামাবাদ এলাকার মিজানুর রহমান ওরফে মিজান উদ্দিন (২৪) এবং উখিয়ার থাইংখালী ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হাফেজ আহমদ (২৯) নামের এই চারজনকে আটক করতে সক্ষম হয়।
পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ১ লাখ ২৯ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত মাছ ধরার কাঠের বোট, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
উদ্ধারকৃত আলামতসহ অভিযুক্তদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।