উখিয়ায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১৫ এর অভিযানে একটি প্লাস্টিকের ড্রামের ভেতর লুকিয়ে রাখা ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার হয়েছে। এ সময় এক নারীকে গ্রেপ্তার করা হয়।
গত সোমবার ( ৬ জুলাই) উপজেলার রাজাপালং ইউনিয়নের হাজিরপাড়া এলাকায় মোহাম্মদ ইদ্রিস নামের এক ব্যক্তির বসতবাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। আটক নারী শারমিন শাকিলা রেশমি (২২) স্থানীয় মোহাম্মদ ইদ্রিস এর স্ত্রী।
র্যাব ১৫ এর ল এন্ড মিডিয়া কর্মকর্তা আ ন ম ফারুক জানান, মিয়ানমার থেকে ইয়াবার একটি বিশাল চালান পাচারের জন্য 'চোরকারবারি ইদ্রিসের' বাড়িতে মজুদ করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযানে নামেন র্যাবের একটি অভিযানিক দল। র্যাবের উপস্থিতি টের পেয়ে সহযোগী মাদক কারবারিরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে এক নারীকে গ্রেপ্তার করে। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে গ্রেপ্তার ব্যক্তির ঘরে প্লাস্টিকের ড্রাম তল্লাশি করে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাকিলা শারমিন রেশমীর মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মজিবুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে তিনি জানান, মোহাম্মদ ইদ্রিস ও পলাতক সহযোগীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে উদ্ধারকৃত ইয়াবাসহ আটক নারীকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৫ জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক পাচার প্রতিরোধ এবং এ চক্রের মূল হোতা ও পলাতক আসামিদের গ্রেপ্তারে তাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।