ঢালিউডে এমন কিছু তারকা আছেন, যাদের জীবন নিয়ে দর্শকের কৌতূহল কখনো কমে না। সেই তালিকার একেবারে ওপরের দিকেই রয়েছেন পরীমণি। কখনো ব্যক্তিগত জীবন, কখনো সিনেমা, আবার কখনো স্টাইল। সবকিছু নিয়েই আলোচনায় থাকেন তিনি।
আর এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে তার ‘স্লিম লুক’। তবে সেই রহস্য জানতে চাইতেই সাংবাদিককে উল্টো ‘স্টুপিড কোয়েশ্চন’ শুনিয়ে দিলেন নায়িকা!
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণিকে নিয়ে ভক্তদের আগ্রহ নতুন কিছু নয়। সিনেমা হোক বা সামাজিক যোগাযোগমাধ্যম যেখানেই দেখা যায়, সেখানেই তাকে ঘিরে শুরু হয় আলোচনা।
সম্প্রতি অনেকের নজরে এসেছে তার শারীরিক গঠনের পরিবর্তন। আগের তুলনায় বেশ স্লিম দেখাচ্ছে তাকে, এমনটাই মন্তব্য করছেন নেটিজেনদের অনেকেই। কারও মতে, এই পরিবর্তনে আগের চেয়ে আরও আকর্ষণীয় লাগছে নায়িকাকে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, হঠাৎ এমন ট্রান্সফরমেশনের রহস্য কী?
তাই সাংবাদিকের প্রশ্ন, পরীমণি এত স্লিম হলেন কীভাবে? কিন্তু প্রশ্নটা শুনেই যেন মেজাজ একটু চড়ে যায় নায়িকার। তড়িঘড়ি করে মাইক হাতে নিয়ে তিনি বলেন, ‘স্টুপিড কোয়েশ্চন!’
পরীমণি বলেন, কেউ যদি তার সৌন্দর্যের প্রশংসা করেন, সেটা অবশ্যই ভালো লাগে। কিন্তু মানুষ মোটা না চিকন—এই বিষয়গুলো নিয়ে বারবার আলোচনা করা ঠিক নয়। মানুষ সব ভাবেই সুন্দর। সে মোটা হোক বা চিকন, কালো হোক বা ফর্সা—সৌন্দর্যের কোনো একক সংজ্ঞা নেই।
নায়িকার ওজন কমুক বা বাড়ুক, লুক বদলাক বা না বদলাক—পরীমণিকে ঘিরে দর্শকের আগ্রহ কিন্তু একটুও কমছে না। বরং মাঝে মাঝে এমন এক-দুটি ‘স্টুপিড কোয়েশ্চন’ই হয়তো আবার নতুন করে আলোচনায় এনে দেয় তাকে!