কক্সবাজার সদর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার রুম্পা ঘোষ শিশু কিশোরদের মাদক ও বাল্যবিয়ে থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, মাদক থেকে দূরে থাকতে হবে। নেশা কখনো কাউকে ভালো কিছু দেয় না। নিজের জন্য নিজের ভালোর জন্য মাদক থেকে দূরে থাকতে হবে।
সোমবার বিকেলে ইপসা ফ্রি কিডস প্রজেক্ট আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ঝুকিপূর্ণ শিশুশ্রম থেকে ফিরে প্রকল্পের উদ্যেগে প্রশিক্ষন পাওয়া শিশুদের হাতে সেলাই মেশিন ও ইলেকট্রিক হাউস ওয়ারিং বক্স তুলে দিতে এ অনুষ্ঠানের আয়োজন করে ইপসা ফ্রি কিডস প্রজেক্ট।
ইউএনও বলেন, বাল্য বিয়ে থেকে দূরে থাকতে হবে। ১৮ বছরের আগে বিয়ে নয়। নিজেদের যোগ্য করে নিতে হবে। এমন ভাবে গড়ে তুলতে হবে যেন পরিবারে বা সমাজে বোঝা না হই।
'মাদকে কেউ রাতারাতি আসক্ত হয় না' উল্লেখ করে ইউএনও রুম্পা ঘোষ বলেন, 'প্রথমে বন্ধুদের সাথে দুষ্টুমি করে শুরু করে। কেউ কৌতুহলে শুরু করে। তারপর একদিন অন্ধকারে হারিয়ে যায়। তাই বন্ধু নির্বাচনে সতর্ক হতে হবে।'
অনুষ্ঠানে ইপসা ফ্রি কিডস প্রজেক্টের উদ্যোগে ২৫ জন নারী প্রশিক্ষনার্থীর হাতে সেলাই মেশিন ও ২৫ জন ছেলে প্রশিক্ষনার্থীর হাতে ইলেকট্রিক হাউস ওয়ারিং টুল বক্স তুলে দেওয়া হয়।
ইপসা ফ্রি কিডস্ প্রজেক্টের উদ্যেগে কক্সবাজারে প্রশিক্ষন প্রাপ্ত শিশুদের হাতে সেলাই মেশিন ও ইলেকট্রিক হাউস ওয়ারিং টুলস বিতরন করা হয়েছে। ঝুঁকিপূর্ন শিশুশ্রম নিরসনের লক্ষ্যে প্রকল্পের পক্ষ থেকে প্রশিক্ষন প্রাপ্ত মোট ৫০ জন প্রশিক্ষনার্থীর হাতে এ সকল সামগ্রী তুলে দেওয়া হয়। সোমবার বিকেলে কক্সবাজার সদরে অরুণোদয় হল রুমে আয়োজিত এক অনুষ্ঠানে এ সকল সামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার রুম্পা ঘোষ। ইপসা'র হেড অব এডভোকেসি মোহাম্মদ আলী শাহীন এর এর সভাপতিত্বে ও ইপসা'র প্রোগ্রাম অফিসার আলী আদনানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশীষ চন্দ্র পাল, কৃষি সম্প্রাসারণ কর্মকর্তা মো: সজীব আহমেদ, দৈনিক কক্সবাজার - এর পরিচালনা সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর শ্রম পরিদর্শক (সেইফটি) মো: টিপু সুলতান, গ্রীন রেভ্যুলেশন সোসাইটির সভাপতি ডা. এম এ মঞ্জুর প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার রুম্পা ঘোষ এসময় ইপসাকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ইপসা অবহেলিত শিশুদের নিয়ে চিন্তা করছে এটা বড় দৃষ্টান্ত। তিনি বলেন, 'এখান থেকে প্রশিক্ষন নিয়ে শিশুরা যদি নিজেদের জীবনে পরিবর্তন আনতে পারে, তাহলেই এ কর্মসূচীর স্বার্থকতা।'
ইপসার মাধ্যমে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় শিশুদের উদ্যেশ্যে তিনি আরও বলেন, 'পৃথিবীতে কোন কিছু এমনি এমনি আসে না। কষ্ট করে অর্জন করতে হয়। নিজেদের ভাগ্যের পরিবর্তন করতে চাইলে আমাদের পরিশ্রম করতে হবে। এবং মনমানসিকতায় পরিবর্তন আনতে হবে। ভালো চিন্তা করতে হবে।'
উল্লেখ্য, সলিডার সুইস ও সুইজারল্যান্ডের সহযোগিতায়, কল প্রোগ্রামের আওতায় ইপসা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম ও কক্সবাজারে ফ্রি কিডস প্রজেক্টের মাধ্যমে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসনে কাজ করে আসছে।