প্রবাল দ্বীপ সেন্টমার্টিন সংলগ্ন বঙ্গোপসাগরে অবৈধভাবে ট্রলিং জাল দিয়ে মাছ ধরার অভিযোগে একটি ট্রলিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড।
এ সময় একটি বড় আহরণ নিষিদ্ধ হাঙর, ১০টি শাপলাপাতা মাছ, প্রায় ৬০০ কেজি সামুদ্রিক মাছ ও পাঁচটি ট্রলিং জাল উদ্ধার করা হয়। আটক করা হয় বোটে থাকা ২০ জেলেকে। পরে ভ্রাম্যমাণ আদালত বোটের প্রধান মাঝিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। বাকি ১৯ জেলেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
সোমবার রাতে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এসব তথ্য জানান।
তিনি বলেন, গত ২২ নভেম্বর বিকাল পাঁচটার দিকে সেন্টমার্টিন দ্বীপ থেকে ১০ নটিক্যাল মাইল উত্তরে বঙ্গোপসাগরে ‘অপারেশন কোরাল দ্বীপ’-এর আওতায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় কোস্ট গার্ডের জাহাজ ‘অপূর্ব বাংলা’ একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করে। পরে বোটটিতে তল্লাশি চালিয়ে পাঁচটি ট্রলিং জাল, একটি আহরণ নিষিদ্ধ হাঙর, ১০টি শাপলাপাতা মাছ এবং প্রায় ৬০০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ উদ্ধার করা হয়। এ সময় বোটে থাকা ২০ জেলেকে আটক করা হয়।
কোস্ট গার্ডের এই কর্মকর্তা বলেন, অবৈধ ট্রলিংয়ের মাধ্যমে নির্বিচারে মাছ আহরণের ফলে হাঙর, শাপলাপাতা মাছসহ বিভিন্ন বিপন্নপ্রায় সামুদ্রিক প্রাণীর অস্তিত্ব হুমকির মুখে পড়ছে। একই সঙ্গে সামুদ্রিক বাস্তুতন্ত্রের ভারসাম্য ও জীববৈচিত্র্য সংরক্ষণ ব্যাহত হচ্ছে।
জব্দ করা সামুদ্রিক মাছ টেকনাফ উপজেলার কয়েকটি এতিমখানায় বিতরণ করা হয়েছে। উদ্ধার করা হাঙর, শাপলাপাতা মাছ, ট্রলিং বোট ও জালের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত বলেন, সামুদ্রিক পরিবেশ, বিপন্নপ্রায় প্রাণী ও মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।