মোহাম্মদ জাহাঙ্গীর, এডভোকেট
আর্ন্তজাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ে প্রথমবারের মত জেনোসাইডের বা গণহত্যার জন্য কোন রাষ্ট্রকে দোষী সাব্যস্থ করা হলো। বৃহস্পতিবার ১৯ নভেম্বর ২০২৬ নেদারল্যান্ডসের পিস প্যালেসে তিন ঘন্টা ধরে রায় পড়ে শোনালেন আইসিজের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া, যা মিডিয়ায় লাইভ প্রচার হওয়ায় কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে ভিকটিম রোহিঙ্গারাও দেখে খুশীতে কেঁেদছেন। মিয়ানমারের সরকার,সেনাবাহিনী,উগ্র রাখাইনরা (এখন রাখাইন আর্মি) রোহিঙ্গাদের সব সময় বলেছে তারা কোন এক সময় ব্যাংগল থেকে আরাকানে গিয়ে বসবাস শুরু করেছিল, তারা বাঙ্গালী। রোহিঙ্গা বলে কোন সম্প্রদায়ের অস্থিত্ব নাই মিয়ানমারে। এ রায়ে রোহিঙ্গাদের প্রাথমিক জয় হয়েছে, রোহিঙ্গারা একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবে আইসিজে স্বীকৃতি দেওয়ায়। রায়ে বিচারক বলেছেন, রোহিঙ্গারা একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী। তাদের নিজস্ব ভাষা ও শিল্পকলা রয়েছে এবং তারা নিজেদের স্বতন্ত্র পরিচয়ে চিহিৃত করে। কিছু সাক্ষ্যপ্রমাণের কথা উল্লেখ করে তিনি বলেন, মিয়ানমার কয়েক দশক ধরে তাদের প্রতি বৈষম্য করে আসছে এবং তারা একটি সুরক্ষিত জাতিগোষ্ঠী হিসেবে বিবেচিত হওয়ার যোগ্য। যুক্তরাষ্ট্র ভিত্তিক আর্ন্তজাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বলেছে, এই রায় মিয়ানমারের সামরিক বাহিনীর হাতে রোহিঙ্গারা যে দুর্ভোগ সহ্য করেছে, তার দীর্ঘ প্রতীক্ষিত স্বীকৃতি। আর্ন্তজাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গী জাতিগোষ্ঠীর ওপর চালিত গণহত্যার বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায়কে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা। জাতিসংঘের মহাসচিব সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ’আইসিজের রায়কে আমি স্বাগত জানাই। এটি গণহত্যার শিকার রোহিঙ্গা ভুক্তভোগীদের প্রতি জোরালো স্বীকৃতি। এই রায় বাধ্যতামূলক, চুড়ান্ত এবং এর বিরুদ্ধে আপিলের কোন সুযোগ নেই। এই রায় আর্ন্তজাতিক ন্যায় বিচারের একটি দৃষ্টান্ত এবং এটি পুনরায় নিশ্চিত করে যে এ ধরনের ভয়াবহ অপরাধের ক্ষেত্রে দায়মুক্তি কোনোভাবেই চলতে দেওয়া যায় না।’ বাংলাদেশের পক্ষ থেকে এই ঐতিহাসিক রায়কে স্বাগত জানানো হয়েছে ও মামলা দায়েরকারী দেশ গাম্বিয়াকে ধন্যবাদ জানানো হয়েছে। রায়ের পরের দিন ২০ নভেম্বর কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পের হাজার হাজার রোহিঙ্গীদের সমাবেশে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও বর্তমানে জাতিসংঘের সাধারণ পরিষদের মাননীয় সভাপতি ড. খলিলুর রহমান এই রায়ে রোহিঙ্গাদের খুশীর সাথে একত্ব হয়ে তিনি ঘোষণা করেন যে এই বার অবশ্যই বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের মিয়ানমার মর্যাদার সাথে নাগরিকত্ব ও সকল নাগরিক অধিকার দিয়ে স্বদেশে ফিরিয়ে নিয়ে ক্ষতিপূরণ দিয়ে পুনর্বাসিত করতে বাধ্য হবে।
রায়ে আরো উল্লেখ করা হয়েছে যে ২০১৭ সালে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী প্রায় ১০ হাজার রোহিঙ্গা হত্যা করেছে। প্রাণ বাঁচানোর জন্য বাংলাদেশে পালিয়ে আসার সময়ও রোহিঙ্গাদের ওপর হামলার ঘটনা ঘটেছে। মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর ব্যাপক নৃশংসতার যেসব প্রমাণ পাওয়া গেছে,সেগুলো থেকে একমাত্র যুক্তিসঙ্গত সিদ্ধান্ত হলো, ২০১৭ সালে সেনাবাহিনীকে দিয়ে ক্লিয়ারেন্স অপারেশনের নামে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার উদ্দেশ্য ছিল মিয়ানমারের। আদালত আরো বলেন, সামরিক অভিযানে নিরাপত্তা বাহিনীর পাশাপাশি সশস্ত্র বেসামরিক লোকজন অংশ নেওয়ার পরও গোষ্ঠী নিধনের ঝুঁকির বিষয়ে মিয়ানমার কর্তৃপক্ষের সচেতন থাকা উচিত ছিল। গোষ্ঠী নিধন প্রতিরোধে দেশটি তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। দেশটি গোষ্ঠী নিধন প্রতিরোধ ও শান্তি বিষয়ক সনদের অধীন নিজেদের বাধ্যবাধকতাসহ আরো কয়েকটি বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে। আদালত আরো বলেছেন, ২০২০ সালের ২৩ জানুয়ারীর আদেশে আদালত যে নির্দেশ দিয়েছিলেন মিয়ানমার তা লঙ্ঘন করেছে। এই আদেশে বলা হয়েছিল, গোষ্ঠী নিধনের অভিযোগসংশ্লিষ্ট প্রমাণ ধ্বংস বন্ধ করতে ও সংরক্ষণ নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে। আদালত রোহিঙ্গাদের স্বার্থে ক্ষতিপূরণমূলক পুনর্বাসন ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মিয়ানমারকে। এর মধ্যে রয়েছে মিয়ানমারের অবৈধ কর্মকান্ডের কারণে যেসব রোহিঙ্গা বাস্তুচ্যুত হয়েছেন, তারা দেশের ভিতরে বা বাইরে যেখানেই থাকুন,তাদের নিরাপদ,স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণভাবে নিজ বাসস্থানে ফেরার সুযোগ দেওয়া এবং পরিবারগুলোকে পুনর্মিলন নিশ্চিত করা, রোহিঙ্গা জনগোষ্ঠী ও এর সদস্যদের ক্ষতির জন্য ক্ষতিপূরণ দেওয়া। সর্বশেষে আদালত সিদ্ধান্ত দিয়েছেন, ক্ষতিপূরণ বা অন্য কোন প্রতিকারের পরিমাণ ও পদ্ধতি মামলার পরবর্তী ধাপে নির্ধারণ করা হবে। এ লক্ষ্যে ১৯ নভেম্বর রায়ের দিন থেকে দুই বছরের মধ্যে মিয়ানমারকে আদালতে একটি প্রতিবেদন জমা দিতে হবে। প্রতিবেদনে দেশটি কি কি ক্ষতিপূরণমূলক পূনর্বাসন ব্যবস্থা নিয়েছে এবং ক্ষতিপূরণের পরিমাণ ও পদ্ধতি কি হবে তা উল্লেখ করতে হবে।
এই আদালতের দেওয়া ২০২০ সালের অর্ন্তবর্তীকালীন আদেশ মিয়ানমার মোটেও মান্য করে নাই,সম্মান করে নাই। আর্ন্তজাতিক বিচার আদালতের মিয়ানমার রাষ্ট্রের বিরুদ্ধে দেওয়া ৯-৬ রায়টি ইতিহাস সৃষ্টিকারী ন্যায় বিচারের রায় হলেও মিয়ানমার এই রায় মানবে না। মিয়ানমারকে চীন প্রকাশ্যে,ভারত অপ্রকাশ্যে সমর্থন করতে পারে তাদের নিজেদের স্বার্থে। কারণ ইতিমধ্যে বাংলাদেশে আশ্রিত প্রায় ১২ লাখ রোহিঙ্গাদের মিয়ানমারে ফেলে আসা বাড়ীভিটা, জমি, মসজিদ, মাদ্রাসা,কবরস্থান ইত্যাদি বোলড্রোজার দিয়ে ভেঙ্গে সমতল করে উল্লেখযোগ্য অংশের দখল চীন ও ভারতকে দেওয়া হয়েছে বলে অভিযোগ আছে।
এখন প্রশ্ন উঠেছে, এই ঐতিহাসিক রায় কে বা কারা বাস্তবায়ন করবে? কখন, কিভাবে বাস্তবায়ন করা হবে?
আর্ন্তজাতিক বিচার আদালতের নজিরবিহীন রায় পাওয়ায় বেশী খুশী না হয়ে বাংলাদেশ সরকারকে কুটনৈতিক তৎপরতা বৃদ্ধি করে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের রাখাইন বা আরাকান রাজ্যে তাদের ফেলে আসা বাসস্থানে ফেরত নিয়ে পুনর্বাসন করতে মিয়ানমার সরকার ও আরাকান আর্মিকে বাধ্য করার জন্য আর্ন্তজাতিক চাপ বাড়ানোর চেষ্টা অব্যাহত রাখতে হবে। ইউএনএইচসিআর এর তত্ত্বাবধানে আনুষ্ঠনিকভাবে প্রত্যাবাসনের জন্য অনির্দিষ্ট কালের জন্য অপেক্ষা না করে রোহিঙ্গারা যেভাবে ৫জন/৭জন করে বাংলাদেশে অনুপ্রবেশ করেছেন ঠিক সেভাবেই মিয়ানমারের নিজেদের বাসস্থানে,নিজেদের গ্রামে ফিরে গিয়ে বসবাস শুরু করলে তাদের জন্য ভালো হবে।