সারাদেশে জেলা প্রশাসন কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত ৫৬টি কালেক্টরেট স্কুল এন্ড কলেজ জাতীয়করণসহ অভিন্ন বেতন কাঠামো ও সুনির্দিষ্ট পরিচালন নীতিমালা প্রণয়নের দাবিতে কক্সবাজারেও জোরালো কর্মসূচি পালিত হয়েছে। এরই অংশ হিসেবে কক্সবাজার ডিসি কলেজ (ইআইএন: ১৩৮৯৭৯ ও কলেজ কোড: 4452) জাতীয়করণের লক্ষ্যে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর আনুষ্ঠানিক স্মারকলিপি প্রদান করেছে প্রতিষ্ঠানটির শিক্ষক ও কর্মচারীবৃন্দ।
গত বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে কক্সবাজারের জেলা প্রশাসক ও কলেজের নির্বাহী কমিটির সভাপতি মোঃ আঃ মান্নানের হাতে এই স্মারকলিপি তুলে দেন কলেজের অধ্যক্ষ মোঃ ইব্রাহিম হোসেন। এ সময় কলেজের বিভিন্ন বিভাগের বিষয়ভিত্তিক শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
স্মারকলিপি প্রদানকালে শিক্ষক নেতৃবৃন্দ উল্লেখ করেন, জেলা প্রশাসনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত এই প্রতিষ্ঠানগুলো গুণগত শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা পালন করছে। তবে প্রতিষ্ঠানগুলোর স্থায়ীকরণ, জাতীয়করণ এবং শিক্ষকদের জন্য একটি মানসম্মত ও অভিন্ন বেতন কাঠামো না থাকায় দীর্ঘ মেয়াদে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় ৫৬টি জেলার কালেক্টরেট প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণের আওতায় নিয়ে আসা এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে।
স্মারকলিপি গ্রহণ শেষে জেলা প্রশাসক ও কক্সবাজার ডিসি কলেজের সভাপতি মোঃ আঃ মান্নান উপস্থিত শিক্ষকদের আশ্বস্ত করে বলেন, শিক্ষকদের এই যৌক্তিক দাবি সম্বলিত স্মারকলিপিটি আমি দ্রুততম সময়ের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের দপ্তরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করব।
এ সময় জেলা প্রশাসক কলেজের সার্বিক উন্নয়নে তাঁর পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে বলেন, কক্সবাজার ডিসি কলেজ এই অঞ্চলের মেধা বিকাশে একটি গুরুত্বপূর্ণ বিদ্যাপীঠ। আমরা জেলার বিদ্যমান শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজিয়ে একে আরও আধুনিক, যুগোপযোগী ও মানসম্মত করতে বদ্ধপরিকর। বিশেষ করে এই কলেজের অবকাঠামোগত ও একাডেমিক উৎকর্ষ সাধনে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, জেলা প্রশাসন পরিচালিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি জাতীয়করণ করা হলে একদিকে যেমন শিক্ষকদের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটবে, অন্যদিকে উপকূলীয় জনপদের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা প্রাপ্তি আরও সহজলভ্য ও সাশ্রয়ী হবে। স্মারকলিপি প্রদানের সময় শিক্ষকদের মাঝে নতুন আশার সঞ্চার হতে দেখা গেছে।