মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের খোন্দকার পাড়ায় ভিটা জমির বিরোধকে কেন্দ্র করে সৎ-ভাইয়ের ইটের আঘাতে হাজী মহিবুল্লাহ সরকার (৫৫) নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে ।
নিহত হাজী মহিবুল্লাহ সরকার কুতুবজোম ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের খোন্দকার পাড়ার মরহুম খলিফা মোহাম্মদ খলিলের সন্তান।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ভিটা জমি নিয়ে সৎ-ভাই নেচার উল্লাহ'র সাথে বিরোধ চলে আসছিল। ২২ নভেম্বর সকাল দশটায় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে নেচার উল্লাহ ইট দিয়ে আঘাত করলে হাজী মহিবুল্লাহ সরকার গুরুতর আহত হন।পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরতার তাকে মৃত ঘোষণা করে। মহেশখালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ বিষয়ে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনার বিষয়ে তদন্ত চলছে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত নেচারকে জনতার সহযোগিতায় গ্রেপ্তার করা হয়েছে।