সমুদ্রের ঢেউয়ের শব্দের সঙ্গে মিশেছে শিশুদের উচ্ছ্বাস, গানের সুর আর উৎসবের আমেজ। কোথাও দোলনা ও নানা রকম রাইডে শিশুদের আনন্দ, কোথাও দর্শনার্থীদের ভিড়। আবার ঝাউবাগানের ভেতরে বালু দিয়ে তৈরি হাতি, বাঘ, তিমি, ডলফিনসহ নানা ভাস্কর্য দেখতে ভিড় করছেন মানুষ। সব মিলিয়ে নতুন এক উৎসবের আবহ তৈরি হয়েছে কক্সবাজার সমুদ্রসৈকতের ঝাউবিথীতে।
পর্যটন মৌসুমে পর্যটকদের ভ্রমণ আরও আনন্দময় করতে শুরু হয়েছে তিন মাসব্যাপী পর্যটন কার্নিভাল। সমুদ্রসৈকতের ঝাউবিথী কবিতা চত্বর পয়েন্ট থেকে শৈবাল পয়েন্ট পর্যন্ত প্রায় ৩৫ একর জায়গাজুড়ে এ আয়োজন করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) কার্নিভালের উদ্বোধন করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা বেগম স্বপ্না।
বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে আয়োজিত এ কার্নিভাল বাস্তবায়ন করছে বেসরকারি সংস্থা স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেড। পর্যটকদের বিনোদন, জ্ঞানচর্চা ও অ্যাডভেঞ্চারের সুযোগ দিতে কার্নিভাল প্রাঙ্গণ সাজানো হয়েছে ১৬টি বিশেষ জোনে। এর মধ্যে রয়েছে ওয়েলনেস, ক্যাম্পিং, ওপেন থিয়েটার, ওপেন লাইব্রেরি, টেলিস্কোপ, গেমিং, কিডস, ফুড, গো-কার্ট, স্পোর্টস, অ্যাম্ফিথিয়েটার, স্যান্ড স্কাল্পচার ও সি-ভিউ বারবিকিউ জোন।
কার্নিভালের অন্যতম আকর্ষণ বালুর ভাস্কর্য। সৈকতের শৈবাল পয়েন্টের পূর্ব পাশে ঝাউবাগানের ভেতরে এসব ভাস্কর্য তৈরি করেছেন যুক্তরাজ্য, নেদারল্যান্ডস ও কানাডা থেকে আসা শিল্পীরা। হাতি, রয়েল বেঙ্গল টাইগার, তিমি, হাঙর, ডলফিন, কচ্ছপ ও ইলিশের পাশাপাশি তৈরি করা হয়েছে জাতীয় সংসদ ভবন, জাতীয় স্মৃতিসৌধ ও শহীদ মিনারের প্রতিকৃতি। এ ছাড়া জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলের শ্রমজীবী মানুষের জীবনসংকটও ফুটিয়ে তোলা হয়েছে কয়েকটি শিল্পকর্মে।
উদ্বোধনের দিন থেকেই এসব ভাস্কর্য দেখতে দর্শনার্থীদের ভিড় দেখা যায়। কেউ ছবি তুলছেন, কেউ আবার শিল্পীদের কাজের ধরন দেখছেন। কক্সবাজারের পরিচিত বালু দিয়ে এত নান্দনিক শিল্পকর্ম তৈরি হতে পারে, তা দেখে বিস্ময় প্রকাশ করছেন অনেকে।
কার্নিভালে ঘুরতে আসা শিশু সাদেক হোসেনের কাছে সবচেয়ে আনন্দের ছিল দোলনায় চড়া। সে বলে, ‘এখানে এসে আমার অনেক ভালো লাগছে। আমি দোলনায় দুলছি, খুব আনন্দ করছি। প্রবেশের সময় অনেক মানুষের ভিড় ছিল। তাই লাইনে দাঁড়িয়ে ভেতরে ঢুকতে হয়েছে।’
পরিবারের সদস্যদের সঙ্গে কার্নিভালে এসেছে রিয়াজ উদ্দিন রাহুল। সে বলে, ‘এখানে অনেক ধরনের রাইড রয়েছে। সেগুলোতে চড়ে বেশ মজা করছি। মামা, মামি ও মামাতো ভাইসহ পরিবারের সবাই মিলে ঘুরতে এসেছি। সবাই অনেক আনন্দ করছি।’
বালুর ভাস্কর্যগুলো বিশেষভাবে মুগ্ধ করেছে দর্শনার্থী ইসরাত জাহানকে। তিনি বলেন, ‘কক্সবাজারের বালি আমাদের কাছে খুব পরিচিত। কিন্তু সেই বালি দিয়ে এত সুন্দর ও নান্দনিক শিল্পকর্ম তৈরি করা সম্ভব, তা এখানে না এলে হয়তো অনেকেরই জানা হতো না। বই পড়া, গান শোনাসহ নানা আয়োজনও দর্শনার্থীদের মুগ্ধ করছে।’
দীর্ঘদিন পর সৈকতে এমন বড় পরিসরের বিনোদনমূলক আয়োজন দেখে সন্তোষ প্রকাশ করেন দর্শনার্থী মো. শহিদুল ইসলাম। তাঁর মতে, এ ধরনের আয়োজন কক্সবাজারে পর্যটকদের জন্য নতুন বিনোদনের সুযোগ তৈরি করবে। একই সঙ্গে সৈকতে পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তুলতেও ভূমিকা রাখবে।
কার্নিভালে শিশুদের জন্য আলাদা বিনোদনের ব্যবস্থা, সংগীত ও নানা আয়োজন থাকায় পরিবার নিয়ে ঘুরতে আসা মানুষের সংখ্যাও চোখে পড়ার মতো। দর্শনার্থী জসিম উদ্দিন বলেন, একদিকে বিশাল সমুদ্র, অন্যদিকে নানা ধরনের বিনোদনের ব্যবস্থা—সব মিলিয়ে পরিবেশটি বেশ চমৎকার। দেশি পর্যটকদের পাশাপাশি বিদেশি পর্যটকদের কাছেও এ আয়োজন আকর্ষণীয় হয়ে উঠতে পারে।
কার্নিভালের আয়োজন সম্পর্কে বাংলাদেশ পর্যটন করপোরেশনের মহাব্যবস্থাপক মোহাম্মদ এহসানুল কবীর বলেন, কক্সবাজার ভ্রমণ যেন শুধু সমুদ্র দর্শনের মধ্যে সীমাবদ্ধ না থাকে, সে লক্ষ্যেই এ কার্নিভালের আয়োজন করা হয়েছে। পরিবারের সব বয়সী সদস্যের চাহিদা ও পছন্দ বিবেচনায় রেখে বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রম রাখা হয়েছে।
তিনি বলেন, কক্সবাজারে আগে বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রম বিচ্ছিন্নভাবে হলেও এত বড় পরিসরে সমন্বিত আয়োজন হয়নি। এবার সেসব কার্যক্রম এক জায়গায় নিয়ে আসা হয়েছে। সূর্যোদয় থেকে গভীর রাত পর্যন্ত ২৪ ঘণ্টা বিভিন্ন কার্যক্রম চালু রাখার পরিকল্পনাও রয়েছে, যাতে পর্যটকেরা যেকোনো সময় এসে বিনোদনের সুযোগ পান।
কার্নিভালের উদ্বোধন করে সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা বেগম স্বপ্না বলেন, এ আয়োজন কক্সবাজারের জন্য নতুন ও ব্যতিক্রমী ঐতিহ্যের সূচনা করেছে। সমুদ্রসৈকতের সৌন্দর্য উপভোগের পাশাপাশি এমন সৃজনশীল ও বিনোদনমূলক আয়োজন পর্যটকদের বাড়তি আকর্ষণ তৈরি করবে। এ উদ্যোগের জন্য তিনি সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।
উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. শামীমুজ্জামানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
পর্যটনসংশ্লিষ্টরা মনে করছেন, কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে পরিকল্পিত বিনোদন ও সাংস্কৃতিক আয়োজন যুক্ত হলে পর্যটকদের অবস্থানের সময় বাড়তে পারে। একই সঙ্গে আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবে কক্সবাজারের পরিচিতি বাড়ানোর সুযোগ তৈরি হবে। তবে এ ধরনের আয়োজনের ধারাবাহিকতা, মান ও ব্যবস্থাপনা ধরে রাখাও গুরুত্বপূর্ণ।