ক্রিকেট যখন কেবল পরিসংখ্যান আর শিরোপার হিসাবের বাইরে গিয়ে আবেগ, শৃঙ্খলা আর আত্মপরিচয়ের গল্প বলে, তখন বিরাট কোহলি সেই গল্পের অন্যতম প্রধান চরিত্র। আন্তর্জাতিক ক্রিকেট থেকে ইতোমধ্যেই টেস্ট ও টি-টোয়েন্টি অধ্যায় শেষ করেছেন তিনি। তবুও ওয়ানডে ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠলে কোহলির উত্তরটা আসে একেবারে সরল, কিন্তু দৃঢ় অবস্থান থেকে—খেলবেন, যদি সেই খেলার সঙ্গে থাকে পারস্পরিক সম্মান আর মূল্যায়ন। ২০২৭ বিশ্বকাপ ঘিরে তার ভাবনা তাই কেবল একটি টুর্নামেন্ট নয়, বরং একজন অভিজ্ঞ ক্রিকেটারের নিজের জায়গা ও উদ্দেশ্য খুঁজে নেয়ার গল্প।
সম্প্রতি আরসিবি পডকাস্টে দেয়া এক বিস্তৃত সাক্ষাৎকারে কোহলি জানান, তিনি এখন আর কিছু ‘প্রমাণ করার জন্য’ খেলছেন না; বরং ক্রিকেটের প্রতি ভালোবাসাই তাকে মাঠে ফিরিয়ে আনে। তার ভাষায়, ‘আমি কাউকে কিছু প্রমাণ করতে খেলি না, আমি খেলি কারণ আমি খেলাটা ভালোবাসি।’
কোহলি স্পষ্টভাবে জানান, তিনি এমন পরিবেশে থাকতে চান না যেখানে তাকে বারবার নিজের যোগ্যতা প্রমাণ করতে হয়। তিনি বলেন, দলে যদি মনে করা হয় তিনি অবদান রাখতে পারছেন, তাহলে তিনি থাকবেন, নয়তো সেটি তার জায়গা নয়।
তিনি আরও যোগ করেন, ‘যদি আমাকে বারবার প্রমাণ করতে বলা হয়, তাহলে সেই জায়গাটা আমার জন্য নয়।’
নিজের প্রস্তুতি প্রসঙ্গে কোহলি জানান, তিনি সারা বছরই একই শৃঙ্খলায় থাকেন এবং ম্যাচের জন্য আলাদা করে প্রস্তুতি নিতে হয় না। ফিটনেস, অনুশীলন এবং জীবনযাপন; সবকিছুই ক্রিকেটকে কেন্দ্র করে সাজানো।
তিনি বলেন, ‘আমি যখন মাঠে নামি, ৫০ ওভার ধরে প্রতিটি বলকে শেষ বল হিসেবে খেলি। আমি দৌড়াই, ফিল্ডিং করি এবং দলের জন্য সর্বোচ্চটা দিই।’
২০২৭ বিশ্বকাপ প্রসঙ্গে কোহলি বলেন, বিষয়টি নিয়ে এখনই বেশি ভাবছেন না। তার মতে, সময় এখনো অনেক বাকি। তবে সুযোগ থাকলে তিনি অবশ্যই ভারতের হয়ে বিশ্বকাপে খেলতে চান।
তিনি বলেন, ‘অবশ্যই আমি খেলতে চাই। ভারতের হয়ে বিশ্বকাপ খেলা অসাধারণ ব্যাপার। তবে সম্পর্কটা হতে হবে দুই দিক থেকেই মূল্যবান।’
সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে দিল্লির হয়ে বিজয় হাজারে ট্রফিতে খেলতে নেমে কোহলি দুর্দান্ত পারফর্ম করেন। একটি ম্যাচে ১৩১ এবং আরেকটিতে ৭৭ রান করেন। তিনি জানান, আন্তর্জাতিক না হলেও খেলার প্রতি ভালোবাসা থেকেই তিনি মাঠে নামেন এবং শিশুর মতো আনন্দ পান।
কোহলির বক্তব্যে স্পষ্ট, তিনি এখনও ক্রিকেট উপভোগ করছেন এবং শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত আছেন। তবে জাতীয় দলে তার অবস্থান নিয়ে সিদ্ধান্ত হতে হবে পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে, এটাই তার মূল অবস্থান। সব মিলিয়ে, ২০২৭ বিশ্বকাপ নিয়ে সরাসরি অঙ্গীকার না করলেও কোহলি জানিয়ে দিলেন, সবকিছু ঠিক থাকলে তিনি আবারও ভারতের জার্সিতে বিশ্বকাপ মঞ্চে দেখা যেতে পারেন।