যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, যুদ্ধবিরতি ইরানের বিরুদ্ধে শত্রুতা ‘সমাপ্ত’ করেছে। যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য মার্কিন কংগ্রেসের অনুমতির প্রয়োজন নেই, নিজের এই যুক্তিকে আরও জোরালো করতে গিয়ে এমন কথা বলেছেন তিনি।
রয়টার্স জানায়, শুক্রবার মার্কিন কংগ্রেসের নেতাদের কাছে পাঠানো এক চিঠিতে ট্রাম্প বলেছেন, যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ইরানের সঙ্গে কোনো গুলি বিনিময় হয়নি।
তিনি বলেছেন, “২৮ ফেব্রুয়ারি, ২০২৬ এ শুরু হওয়া যুদ্ধ সমাপ্ত হয়েছে।”
যুক্তরাষ্ট্রের ১৯৭৩ সালের ‘ওয়ার পাওয়ারস রেজোলুশন’ অনুযায়ী প্রেসিডেন্ট ৬০ দিনের জন্য সামরিক অভিযান চালাতে পারেন, আর এই মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি ‘যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর নিরাপত্তা বিষয়ে অনিবার্য সামরিক প্রয়োজনে’ কংগ্রেসের অনুমতি প্রার্থনা বা সময় আরও ৩০ দিন বাড়ানোর জন্য অনুরোধ করতে পারেন।
দুই মাস আগে ইরানের ওপর হামলা শুরু করার ৪৮ ঘণ্টা পর ট্রাম্প মার্কিন কংগ্রেসকে যুদ্ধের বিষয়ে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছিলেন। তারপর থেকে শুরু হওয়া ৬০ দিনের সময়সীমা ১ মে শেষ হয়েছে।
তারিখটি এগিয়ে আসার সময় কংগ্রেসের সহাকারী ও বিশ্লেষকরা জানান, তারা ধারণা করছেন ট্রাম্প সময়সীমাটি এড়িয়ে যাবেন। ট্রাম্প প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বৃহস্পতিবার জানান, এক্ষেত্রে যুদ্ধ ক্ষমতা আইনের সময়সীমাটি প্রযোজ্য হবে না বলে অভিমত তাদের প্রশাসনের।
ট্রাম্প বলেছেন, তিনি যুদ্ধ ক্ষমতা আইনটিকে অসাংবিধানিক বলে বিবেচনা করেন। রিপাবলিকান ও ডেমোক্রেট, উভয় দলের প্রেসিডেন্টরাই এই আইনটি সর্বাধিনায়ক হিসেবে প্রেসিডেন্টের ক্ষমতা সীমাবদ্ধ করেছে, এমন যুক্তি তুলে এটি সংবিধান লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছেন। আইন বিশেষজ্ঞরা বলেছেন, বিষয়টি আদালতে নিষ্পত্তি হয়নি।
শুক্রবার ওয়াশিংটন ডিসি থেকে ফ্লোরিডার উদ্দেশে রওনা হওয়ার আগে ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, “আমরা একটি যুদ্ধবিরতিতে ছিলাম, তাই এটি আপনাকে অতিরিক্ত সময় দিয়েছে।”
কিন্তু মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যরা ট্রাম্পের এই যুক্তি বাতিল করে দিয়ে বলেছেন, ১৯৭৩ সালের ওই আইনে যুদ্ধবিরতিকে অনুমোদন দেওয়ার মতো কিছু নেই। আর ইরানের তেল রপ্তানির ওপর অব্যাহত মার্কিন নৌ-অবরোধ শত্রুতা চলার প্রমাণ, যুদ্ধবিরতির না।
মার্কিন সেনেটের ফরেন রিলেশন্স কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য সেনেটর জিন শাহিন এক বিবৃতিতে ওই সময়সীমাকে ট্রাম্পের পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে ‘একটি পরিষ্কার আইনি সীমা’ বলে অভিহিত করে বলেছেন, “সংঘাতের ৬০ দিন পরও প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে এই দুর্বলভাবে পরিকল্পিত যুদ্ধ থেকে বের হয়ে আসার কোনো কৌশল বা উপায় নেই।”
এই ডেমোক্র্যাটরা চান, যুদ্ধ চালিয়ে নিতে ট্রাম্প কংগ্রেসের অনুমতি নিতে আসুক।
কংগ্রেসের কাছে পাঠানো চিঠিতে ট্রাম্প স্বীকার করেছেন, এই সংঘাতের সমাধান নাও হতে পারে। ইরান এখনও যুক্তরাষ্ট্র ও এর সশস্ত্র বাহিনীর জন্য একটি ‘উল্লেখযোগ্য’ হুমকি হয়ে আছে বলে দাবি করেছেন তিনি।
শুক্রবার ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করার জন্য পাকিস্তানি মধ্যস্থতকারীদের কাছে তেহরান তাদের সর্বশেষ প্রস্তাব পাঠিয়েছে। কিন্তু ট্রাম্প দ্রুততার সঙ্গে ইরানের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।