যুক্তরাষ্ট্র যুদ্ধ শেষ করার বিষয়ে ভাবলেও পুরোদমে হামলা চালিয়ে যাচ্ছে ইরান। তাদের মতে, যুদ্ধ শেষ করার একমাত্র অধিকার ইরানের। এরইমধ্যে ইরানের সঙ্গে পাল্লা দিয়ে হামলা চালিয়ে যাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহও।
বুধবার (১১ মার্চ) রাতের শেষভাগে ইসরায়েলের উত্তরাঞ্চলে ব্যাপক রকেট হামলা চালিয়েছে ইরান। একইসঙ্গে হামলা চালিয়েছে হিজবুল্লাহও। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।
আল-জাজিরার সংবাদ প্রতিবেদক লেবানন সীমান্ত থেকে পাওয়া তথ্যের বরাতে জানিয়েছে, হিজবুল্লাহ গত কয়েক মিনিটের ব্যবধানে অন্তত তিনটি বড় ধরনের এক ঝাঁক রকেট নিক্ষেপ করেছে।
ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর দাবি অনুযায়ী, লেবানন থেকে অন্তত ১০০টি রকেট ছোড়া হয়েছে। এই হামলার তীব্রতা এতই বেশি যে, উত্তর ইসরায়েলের আকাশ কার্যত অগ্নিগর্ভ হয়ে উঠেছে।
ইসরায়েলের সেনাবাহিনী (আইডিএফ) উত্তরাঞ্চলের বাসিন্দাদের জন্য জরুরি সতর্কতা জারি করেছে এবং সবাইকে দ্রুত বোম্ব শেল্টার বা নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে।
কিরিয়াত শমোনা এবং গুরুত্বপূর্ণ বন্দর নগরী হাইফার আকাশ বাতাস কাঁপিয়ে বিকট বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে আল-জাজিরার প্রতিবেদক। এছাড়া ইসরায়েলের শহরগুলোতে অনবরত বিমান হামলার সাইরেন বাজছে, যা জনমনে চরম আতঙ্ক সৃষ্টি করেছে।