জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা শাখার এক দায়িত্বশীল বৈঠক ১৮ এপ্রিল সকাল ১০ টায় হাসপাতাল সড়কস্থ দলীয় কার্যালয়ে জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
জেলা সেক্রেটারি জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম, কক্সবাজার শহর আমীর আবদুল্লাহ আল ফারুক, সদর আমীর অধ্যাপক খুরশিদ আলম আনসারী, ঈদগাঁও উপজেলা আমীর মাওলানা সলিম উল্লাহ জিহাদী, চকরিয়া উপজেলা আমীর মাওলানা আবুল বাশার, চকরিয়া পৌরসভা আমীর আরিফুল কবীর, মাতামুহুরী আমীর মাওলানা ফরিদুল আলম, পেকুয়া উপজেলা আমীর মাওলানা ইমতিয়াজ উদ্দিন, কুতুবদিয়া উপজেলা আমীর আ স ম শাহরিয়ার চৌধুরী, মহেশখালী দক্ষিণ আমীর মাস্টার শামীম ইকবাল, উখিয়া উপজেলা আমীর মাওলানা আবুল ফজল, কক্সবাজার শহর নায়েবে আমীর শহিদুল আলম বাহাদুর, রামু উপজেলা নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ রফিক, মহেশখালী উত্তর সেক্রেটারি মাওলানা বশীর আহমদ, টেকনাফ উপজেলা সহকারী সেক্রেটারি সরোয়ার কামাল সিকদার প্রমুখ।
বৈঠকে সভাপতির বক্তব্যে জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, সরকার গণভোটের রায় বাস্তবায়ন না করে দেশে সংকট সৃষ্টি করে রেখেছে। ফ্যাসিবাদী কাঠামোর বিপরীতে নতুন কাঠামোতে দেশের শাসন ব্যবস্থা প্রবর্তনে জনগণের আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ হচ্ছে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোট। যেখানে দেশের প্রায় সত্তর ভাগ মানুষ সংস্কারের পক্ষে ভোট দিয়েছেন।
নির্বাচনের আগে বর্তমান সরকারী দল গণভোটের পক্ষে প্রচার-প্রচারণা চালালেও সরকার গঠনের পর গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি করছে। জন আকাংখাকে অবজ্ঞা করে সরকার পার পাবে না। তিনি গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচি সমূহ সফল বাস্তবায়নের জন্য নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচী অব্যাহত রেখে ২ মে গণমিছিল সফল করতে সকলের প্রতি আহ্বান জানান।