রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়কে ঐতিহাসিক বলে অভিহিত করেছেন গাম্বিয়ার আইনজীবীদলের সদস্য ও আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবী ফিলিপ স্যান্ডস।
বিবিসি রেডিও ফোরের ‘দ্য ওয়ার্ল্ড অ্যাট ওয়ান’ অনুষ্ঠানে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আন্তর্জাতিক বিচারব্যবস্থার ইতিহাসে নুরেমবার্গ বিচার ও চিলির সাবেক স্বৈরশাসক অগাস্টো পিনোশের বিচারের মতো গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর কাতারে স্থান করে নেবে এই রায়।
তবে রোহিঙ্গা গণহত্যার শিকার ব্যক্তিদের জন্য এটা একই সঙ্গে আনন্দ ও বেদনার মুহূর্ত বলেও মন্তব্য করেন তিনি।
স্যান্ডস বলেন, আজ সকালে আদালতে তিনি দুই থেকে তিন ডজন রোহিঙ্গা ভুক্তভোগীর সঙ্গে ছিলেন। রায় ঘোষণার পর তাদের আবেগ-অনুভূতি কেমন ছিল, তা সহজেই অনুমেয়।
মিয়ানমারের ওপর আদালতের আরোপ করা ক্ষতিপূরণ ও প্রতিকারমূলক ব্যবস্থার বিষয়ে তিনি বলেন, রোহিঙ্গাদের নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার সুযোগ দিতে মিয়ানমারকে দুই বছর সময় দেয়া হয়েছে।
তবে অধিকাংশ রোহিঙ্গার বাড়িঘর ধ্বংস হয়ে যাওয়ায় বিষয়টি বাস্তবায়ন কঠিন হবে বলে মনে করেন তিনি। সে ক্ষেত্রে ভুক্তভোগীদের কী পরিমাণ ক্ষতিপূরণ প্রাপ্য, তা আদালত পূর্ণাঙ্গভাবে মূল্যায়ন করবে।
২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে অন্তত সাড়ে ৭ লাখ রোহিঙ্গা ঘরবাড়ি ছেড়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন। তারা হত্যাকাণ্ড, সংঘবদ্ধ ধর্ষণ ও অগ্নিসংযোগের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানান।
রোহিঙ্গাদের ওপর নির্যাতন চালিয়ে মিয়ানমার গণহত্যা সনদ ভেঙেছে, এমন অভিযোগে ২০১৯ সালের নভেম্বরে আইসিজেতে মামলাটি করে গাম্বিয়া।
মামলায় বলা হয়, মিয়ানমারের সামরিক অভিযানে অন্তত ৭ লাখ ৩০ হাজার রোহিঙ্গা দেশ ছাড়তে বাধ্য হয়েছেন এবং এই গণহত্যার জন্য রাষ্ট্র হিসেবে মিয়ানমার দায়ী।
২০২০ সালের জানুয়ারিতে আদালত মিয়ানমারকে গণহত্যা সনদে নিষিদ্ধ কাজ ঠেকাতে অন্তর্বর্তী ব্যবস্থা নিতে বলেন। একই সঙ্গে নির্যাতনের প্রমাণ সংরক্ষণেরও নির্দেশ দেন।
তথ্য-প্রমাণ সংগ্রহ করে জাতিসংঘের স্বাধীন তদন্ত মিশন ওই সামরিক অভিযানে ‘গণহত্যা’ হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করে। এরপর শুরু হয় মামলার শুনানি। যা চলতি বছরের জানুয়ারিতে শেষ হয়।
সাত বছর ধরে বিচার শেষে আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মামলার রায় ঘোষণা করেছেন আইসিজে। রায়ে আদালত বলেছেন, মিয়ানমারের রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা (জেনোসাইড) সংঘটিত হয়েছে।
সেই সঙ্গে মিয়ানমারকে গণহত্যা শিকার রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছেন আইসিজে। আদালত সিদ্ধান্ত নিয়েছেন, ক্ষতিপূরণের পরিমাণ, কীভাবে তা দেওয়া হবে এবং অন্যান্য প্রতিকার কী হবে, তা আইসিজেই নির্ধারণ করবে।
আইসিজের রায়ে উচ্ছ্বাস কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে
মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে আইসিজের রায় ঘোষণার পর বাংলাদেশের কক্সবাজারের একটি শরণার্থী শিবিরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রোহিঙ্গারা। ছোট একটি পর্দায় আদালতের রায় সরাসরি দেখেন সেখানে জড়ো হওয়া বিপুল সংখ্যক মানুষ।
তাদের মধ্যে ছিলেন ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গার সাবেক সভাপতি ও জ্যেষ্ঠ নেতা সৈয়দ উল্লাহ। বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, ‘বছরের পর বছর আমাদের পাশে থাকার জন্য বাংলাদেশ, গাম্বিয়া এবং ওআইসির (ইসলামি সহযোগিতা সংস্থা) প্রতি আমরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।’ তিনি আরও বলেন, ‘নিজ দেশে ফিরে না যাওয়া পর্যন্ত আমাদের পাশে থাকার জন্য সবার প্রতি অনুরোধ জানাচ্ছি।’
এখনো কোনো মন্তব্য করেনি মিয়ানমার
রোহিঙ্গা গণহত্যার মামলায় আইসিজের ঐতিহাসিক রায় নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি মিয়ানমার।
নেদারল্যান্ডসের দ্য হেগে আদালত থেকে বের হওয়ার সময় বিবিসি বার্মিজের পক্ষ থেকে মিয়ানমারের প্রতিনিধি কো কো হ্লাইংয়ের কাছে এ রায় সম্পর্কে তার প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়।
জবাবে তিনি শুধু বলেন, ‘কোনো মন্তব্য নেই।’ এরপর অপেক্ষমাণ গাড়িতে উঠে সেখান থেকে চলে যান তিনি। মিয়ানমার বরাবরই গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছিল। দেশটির দাবি ছিল, সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলার জবাব দিতেই নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়েছে।
তবে আন্তর্জাতিক বিচার আদালত বলেছে, মিয়ানমারের কর্মকাণ্ডের ব্যাপকতা ও ধরন জনগোষ্ঠীকে শাস্তি দেয়ার জন্য প্রয়োজনীয় সীমা ছাড়িয়ে গেছে। বরং এসব কর্মকাণ্ড রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে নিশ্চিহ্ন করার অভিপ্রায়ের বৈশিষ্ট্য বহন করে।