বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সম্ভাব্য তৎপরতা ও অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছে স্থানীয় প্রশাসন ও বিএনপির নেতাকর্মীরা। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে নজরদারি ও সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা বিএনপি নেতা যথাক্রমে নুরুল আলম, সাবেক উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদ ও সাইফুদ্দিন বাহাদুরের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য নুরুল আলম কোম্পানি ও সাবেক উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদ। এ সময় নুরুল কাশেম, সাইফুদ্দীন বাহাদুর, ইয়াহিয়া খান মামুন ও রাকিব বক্তব্য রাখেন। এছাড়াও বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অপরদিকে বিকেলে উপজেলা যুবদলের সভাপতি আবু সুফিয়ান চৌধুরী সাথারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রাসেলের নেতৃত্বে যুবদলের নেতাকর্মীর ও একটি বিক্ষোভ মিছিল করেন।
স্থানীয়রা জানান, নাইক্ষ্যংছড়ির সার্বিক পরিস্থিতি প্রতিদিনের মতো স্বাভাবিক রয়েছে। তবে সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় উপজেলা প্রশাসন, পুলিশ ও বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সতর্ক অবস্থানে দেখা গেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের নজরদারি অব্যাহত রয়েছে উল্লেখ করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, জনসাধারণকে আতঙ্কিত না হয়ে শান্ত থাকার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। নাইক্ষ্যংছড়িতে কোন ধরনের সমস্যা নেই। এর পরেও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:মোজাম্মেল হক জানান, নৈরাজ্য সৃষ্টির চেষ্ঠা করা হলে কঠোর হস্তে দমন করা হবে। আর সমূহ নাশকতা ঠেকাতে প্রস্তুত পুলিশ-বিজিবি।