স্টাফ রিপোর্টার, ঈদগাঁও
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও থানা সংলগ্ন এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে মোহাম্মদ আকিব নামে এক ট্রাক হেলপার নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারগামী বাঁশবোঝাই একটি ট্রাকের পেছনে দ্রুতগতির রডবোঝাই অপর একটি ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে রডবোঝাই ট্রাকটির হেলপার আকিব ঘটনাস্থলেই প্রাণ হারান। নিহত আকিব ভোলা জেলার বাসিন্দা এবং তিনি দুই সন্তানের জনক।
ঘটনায় চালক অক্ষত থাকলেও তাকে হেফাজতে নিয়েছে পুলিশ।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম সিফাতুল মাজদার জানান, দুর্ঘটনার পর মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।