কক্সবাজারের প্রথম চীফ লিগ্যাল এইড অফিসার পদে মোহাম্মদ দাউদ হাসান (যুগ্ম জেলা ও দায়রা জজ) যোগদান করেছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি মোহাম্মদ আবদুর রহিমের কাছে যোগদান করে তাঁর কার্যালয়ে তিনি দায়িত্ব পালন শুরু করেন। কক্সবাজার লিগ্যাল এইড অফিসের অফিস সহকারী খোকন মাহমুদ এ তথ্য জানিয়েছেন।
কক্সবাজার লিগ্যাল এইড অফিসের নতুন চীফ লিগ্যাল এইড অফিসার মোহাম্মদ দাউদ হাসান আসলে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক (যুগ্ম জেলা ও দায়রা জজ) মোহাম্মদ আবদুল কাদের, জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সিভিল জজ) অভিজিৎ চৌধুরী সহ অন্যান্যরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। চীফ লিগ্যাল এইড অফিসার মোহাম্মদ দাউদ হাসান বান্দরবানের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (এসিজেএম) পদে দায়িত্ব পালন করা অবস্থায় গত ১৭ সেপ্টেম্বর আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩ এর এক প্রজ্ঞাপনে তাঁকে কক্সবাজারের চীফ লিগ্যাল এইড অফিসার পদে নিয়োগ দেওয়া হয়। লিগ্যাল এইড এর কার্যক্রম আরো প্রসার, গতিশীল ও গণমূখী করতে সম্প্রতি ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসে একজন করে যুগ্ম জেলা ও দায়রা জজ পদমর্যাদার কর্মকর্তার পদ সৃজন করা হয়। নতুন সৃজিত পদে বৃহস্পতিবার যোগদান করা বিচারক মোহাম্মদ দাউদ হাসান কক্সবাজারের প্রথম চীফ লিগ্যাল এইড অফিসার।
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বাসিন্দা মোহাম্মদ দাউদ হাসান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি অনার্স ও এলএলএম সম্পন্ন করেন কৃতিত্বের সাথে। ৬ষ্ট বিজেএস (বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি ২০১৩ সালে বিচার বিভাগের একজন সদস্য হন। তাঁর সহধর্মিণী হোসনে আরা বেগম কক্সবাজারের যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক পদে কর্মরত রয়েছেন। তিনি বিজিএস ৭ম ব্যাচের একজন সদস্য।