জি. এম সাইফুল ইসলাম
কল্পনা করুন আপনি দাঁড়িয়ে আছেন জার্মানির রুগেন দ্বীপের শ্যাবে বিচে, বিশ্বের দীর্ঘতম ২৭.৩ কিলোমিটার ও ৫৮ ফুট উঁচু বালির ভাস্কর্য এর সামনে। কিংবা দাঁড়িয়ে আছেন তাইওয়ানের নিউ তাইপেইতে ফুলং বিচে বা পর্তুগালের আলগার্ড পেরা বিচ নতুবা বেলজিয়ামের ওস্টেন্ড বিচে। অথবা অবাক হয়ে সৌন্দর্য উপভোগ করছেন চীনের ঝুশান নানশা বিচ বা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মার্টল বিচ ও সিয়েস্তা কি’তে বা স্পেনের জারৌৎজা বিচে। এসব মনোমুগ্ধকর বিচের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তাদের বালির ভাস্কর্য। আপনি হয়তো সৌন্দর্য পিপাসু মানুষ, একা বা সপরিবারে নানান ঝক্কিঝামেলা সহ্য করে সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে গেছেন বালি দিয়ে গড়া মানুষের সৃজনশীল শিল্পকর্ম দেখতে। আর্থিক সামর্থ থাকলে নিয়ে গেছেন পরিবারের সকলকে কিংবা অপারগতায় গেছেন একা একা। দেখছেন সৌন্দর্য আর আপসোস করছেন পরিবারের সদস্যদের জন্য। আর হয়তো ভাবছেন যদি আমাদের দেশেও এমন কিছু হতো তাহলে কতই না মজা হতো। সামর্থের মধ্যে আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ঘুরে দেখা যেতো বালির শিল্পকর্ম। সে সাথে আমাদের অপার সৌন্দর্য তুলে ধরা যেতো পৃথিবীর সকলের সামনে। তারাও আসতো আমাদের দেশে আর আর্থিক লাভের পাশাপাশি পারষ্পরিক বন্ধন হতো আরো মজবুত ও সুদৃঢ়। হতো সাংস্কৃতিক বিনিময়, নতুন প্রজন্ম জানতো অনেক কিছু, চিনতো নিজের দেশকে, দেশের সৌন্দর্যকে, আবিস্কার করতো বাংলাদেশকে।
আপনার সে স্বপ্ন সত্যি হতে চলেছে। হ্যাঁ, সত্যি তাই। আজ (২২ নভেম্বর) থেকে পর্যটন নগরী কক্সবাজারে শুরু হতে চলেছে তিন মাসব্যাপী ‘কক্সবাজার পর্যটন কার্নিভাল’। লুৎফর রহমান কাজল এমপি কার্নিভাল উদ্বোধন করবেন। উপস্থিত থাকবেন শামীম আরা বেগম স্বপ্না এমপি, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মোঃ শামিমুজ্জামানসহ জেলা প্রশাসক, পুলিশ সুপার ও অন্যান্য অতিথিবৃন্দ। পর্যটন শিল্পের বিকাশ এবং দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে ‘কক্সবাজার পর্যটন কার্নিভাল’ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ পর্যটন করপোরেশন। বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারের পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করা এবং পর্যটকদের ভ্রমণ অভিজ্ঞতা আরও আনন্দময় করে তোলার লক্ষ্যেই এ আয়োজন ।
এ কার্নিভালের মূল আকর্ষণ বালির ভাস্কর্য। বালির ভাস্কর্য হলো মূলত বালি ও পানি ব্যবহার করে তৈরি এক ধরণের অস্থায়ী ত্রি-মাত্রিক শিল্পকর্ম যা সমুদ্র সৈকতে উৎসব বা প্রদর্শনীতে তৈরি করা হয়। কক্সবাজারের হোটেল শৈবাল সংলগ্ন সমুদ্র সৈকত ও ঝাউবনের বিস্তৃত প্রান্তরে এসব ভাস্কর্য তৈরি করা হয়েছে।
কার্নিভালের অন্যতম আকর্ষণ হিসেবে তৈরি করা হচ্ছে ১৫ থেকে ২০টি আন্তর্জাতিক মানের বালুর ভাস্কর্য। যুক্তরাজ্য ও নেদারল্যান্ডস থেকে আসা শিল্পীরা এসব ভাস্কর্য নির্মাণে অংশ নিয়েছেন। হাতি, ইলিশ, জেলেদের জীবন, সুন্দরবনসহ বাংলাদেশের প্রকৃতি, ইতিহাস ও ঐতিহ্যের নানা বিষয় ফুটিয়ে তোলা হচ্ছে এসব শিল্পকর্মে। ষাটগম্বুজ মসজিদ, জাতীয় সংসদ ভবন, আহসান মঞ্জিল ও লালবাগ কেল্লার মতো ঐতিহাসিক স্থাপনাও স্থান পাবে বালুর ভাস্কর্যে। বাংলাদেশকে তুলে ধরার এক আপ্রাণ প্রয়াস থাকছে এসব শিল্পকর্মে। আরো থাকছে হাতি, ডলফিন, টাইগার, শহিদ মিনার, জাতীয় স্মৃতিসৌধ, বাংলাদেশের মানচিত্রসহ ব্যতিক্রমী সব শিল্পকর্ম। আসলে কি নেই এসব ভাস্কর্যে?
দেশের পরিচিতি, ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা হয়েছে এসব ভাস্কর্যে। মডেল, অভিনেতা ও বালুশিল্পী জীবন রায়ের নেতৃত্বে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বৃটিশ বালুশিল্পী পল হোগার্ড ও তার স্ত্রী আরেক আন্তর্জাতিক বালুশিল্পী রেমি হোগার্ডসহ একঝাঁক মেধাবী শিল্পীরা তৈরি করেছেন এসব বালুময় কারুকার্য। আকর্ষণীয় নানা আয়োজন ত থাকছেই।
পর্যটকদের বিনোদন, জ্ঞানচর্চা ও অ্যাডভেঞ্চারের কথা বিবেচনায় নিয়ে পুরো আয়োজনকে কয়েকটি বিশেষ জোনে সাজানো হচ্ছে। এর মধ্যে রয়েছে ওয়েলনেস জোন যেখানে শারীরিক ও মানসিক প্রশান্তির জন্য বিশেষ ব্যবস্থা থাকছে, আছে এক্সপেরিয়েন্স জোন যেখানে নতুন ও রোমাঞ্চকর অভিজ্ঞতা নেয়ার সুযোগ রয়েছে। আছে ক্যাম্পিং জোন যেখানে সমুদ্রের সান্নিধ্যে রাতযাপন ও ক্যাম্পিং এর সুবিধা, ওপেন থিয়েটার জোন যেখানে উম্মুক্ত মঞ্চে নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও পরিবেশনা হবে, আছে ওপেন লাইব্রেরি এন্ড টেলিস্কোপ জোন যেখানে মুক্ত পরিবেশে বই পড়া এবং টেলিস্কোপের সাহায্যে রাতের আকাশ পর্যবেক্ষনের সুযোগ, আছে মার্কেট জোন যেখানে স্থানীয় ও এতিহ্যবাহী পণ্যের কেনাকাটার সুবিধা থাকবে। আরো আছে এক্সিবিশন জোন যেখানে বিভিন্ন শিল্পকর্ম ও পর্যটন প্রদর্শনী হবে, আছে কিডস জোন ও ফুড জোন যেগুলোয় শিশুদের নির্মল বিনোদনের জন্য বিশেষায়িত এলাকা এবং কক্সবাজারের ঐতিহ্যবাহী সামুদ্রিক খাবারসহ দেশি-বিদেশি নানা প্রকার খাবারের আয়োজন। থাকছে গো-কার্ট ও স্পোর্টস জোন যেথায় আছে রোমাঞ্চকর গো-কার্টিং এবং বিচ স্পোর্টসসহ বিভিন্ন খেলাধুলার ব্যবস্থা, থাকছে এম্পিথিয়েটার জোন ও চিত্রকর্ম জোন যেখানে আছে দেশীয় ও নৃ-গোষ্ঠি সম্প্রদায়ের নানাবিধ আয়োজন এবং দেশের খ্যাতনামা চিত্রশিল্পীদের চিত্রকর্ম প্রদর্শনী। সর্বোপরি আছে সি-ভিউ বার ভি কিউ জোন যেখানে আয়োজিত হবে সৈকত প্রাঙ্গনে লাইডভ বার বি কিউ।
এছাড়া পর্যটকদের জন্য বাড়তি আকর্ষণ হিসেবে রয়েছে হোটেল শৈবালের ভেতরে অবস্থিত পুকুরের চারপাশে নানাবিধ দৃষ্টিনন্দন ও বিনোদনমূলক আয়োজন।
বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের পর্যটন শিল্পের বিকাশ, দেশি-বিদেশি পর্যটক আকর্ষণ, ডিসকভার বাংলাদেশ থিম চালু, কক্সবাজারের পর্যটনকে আন্তর্জাতিক মানে উন্নীত করা এবং পর্যটকদের ভ্রমণ অভিজ্ঞতাকে আরো আনন্দময় করে তুলতে এ কার্নিভালের আয়োজন। কক্সবাজারে পর্যটকদের আগমন বাড়লেও অনেকেই স্বল্প সময় অবস্থান করে ফিরে যান। পর্যটকদের জন্য বৈচিত্র্যময় বিনোদনের সুযোগ সৃষ্টি করা গেলে তাদের অবস্থানকাল বাড়বে। এতে হোটেল-মোটেল, রেস্তোরাঁ, পরিবহন, ক্ষুদ্র ব্যবসা ও স্থানীয় উদ্যোক্তারা অর্থনৈতিকভাবে লাভবান হবেন। এছাড়া এ ধরনের বৃহৎ আয়োজন কক্সবাজারের পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দীর্ঘ সময়ব্যাপী এ পর্যটন কার্নিভাল কক্সবাজারের পর্যটন শিল্পে নতুন মাত্রা যোগ করবে এবং আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবে কক্সবাজারের পরিচিতি আরও বিস্তৃত করবে।
তবে কোন কিছুকেই সহজে হতে না দেয়া একশ্রেনির ছিদ্রান্বেষী মানুষ এখানেও অপকর্মের সুযোগ খুঁছেছে। তারা সরকারের এ মহৎ উদ্যোগ নিয়ে গুজব রটাতে থাকে। গুজব রটায় যে কার্নিভালের জন্য সৈকত সংশ্লিষ্ট ঝাউবনের গাছ নিধন করা হয়েছে, পরিবেশ ধ্বংস করা হয়েছে। পূর্ব থেকে পড়ে থাকা গাছের কিছু গুঁড়িকে তারা নতুন কর্তন করা হয়েছে বলে চালাতে থাকে। অথচ গুজব রটনাকারীদের এসব অপপ্রচার সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। বাস্তব সত্যের সাথে এর কোন মিল নেই। পরে আয়োজক কর্তৃপক্ষ গাছ কাটা ও পরিবেশ ধ্বংস করা বিষয়ে তাদের বক্তব্য স্পষ্ট করে। তারা প্রকৃত সত্য তথ্য গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীর নিকট তুলে ধরে । কর্তৃপক্ষ জানায় -কক্সবাজারের হোটেল শৈবাল প্রাঙ্গণ ও তৎসংলগ্ন প্রায় ৩৫ একর জায়গাজুড়ে আয়োজিত এই বৃহৎ ও জনকল্যাণমূলক উৎসবকে বাধাগ্রস্ত করতে একটি স্বার্থান্বেষী মহল এবং কতিপয় ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ঝাউগাছ কেটে কার্নিভালের অবকাঠামো নির্মাণ করা হচ্ছে’ মর্মে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। এটি একটি উদ্দেশ্যমূলক অপপ্রচার ও গুজব। প্রকৃতপক্ষে কার্নিভালের ১৫ থেকে ১৬টি বিশেষ জোন সাজানোর ক্ষেত্রে পরিবেশ ও প্রকৃতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। হোটেল শৈবালের নিজস্ব কম্পাউন্ড ও বরাদ্দকৃত এলাকার কোনো ঝাউগাছ কাটা হয়নি বা বনাঞ্চলের কোনো ক্ষতি করা হয়নি। কতিপয় অসাধু ও স্বার্থান্বেষী মহল গাছের ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) মাধ্যমে বিকৃত করে উপস্থাপন করছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কার্নিভাল নিয়ে অপপ্রচারে লিপ্ত রয়েছে।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগ হতে জানানো হয়েছে- পর্যটন কার্নিভাল উপলক্ষ্যে গাছ কাটার কোন প্রমাণ পাওয়া যায়নি। তবে আশেপাশের সবার সাথে কথা বলে জানা যায়, কিছুদিন আগে সিভিল এভিয়েশন তাদের বিমান চলাচল নির্বিঘ্ন করার জন্য কিছু গাছের মাথা কর্তন করে ও সেগুলো সংগ্রহ করে একটা জায়গায় জমা করে রাখে। মূলত এই জমা করা গাছগুলোর ছবি তুলেই পর্যটন কার্নিভালের নামে ছড়ানো হচ্ছে”।
কক্সবাজার বিমানবন্দর পরিচালনা কর্তৃপক্ষ হতে জানানো হয়েছে- বিমানবন্দরের রানওয়ে ৩৫ (দক্ষিণপ্রান্তে) এর উড্ডয়ন/অবতরণ পথে (এপ্রোচ ফানেল) বিদ্যমান ঝাউগাছের উচ্চতা নির্ধারিত উচ্চতার অধিক হওয়ায় সামরিক এবং বেসামরিক উভয় বিমানের পাইলটগণ Standard Glide Path (Glide Slope-3°) অনুসরণ করে Rate of Descend বজায় রেখে অবতরণ করার ক্ষেত্রে জটিলতার সম্মুখীন হচ্ছিল; যা বিমানের নিরাপদ উড্ডয়ন এবং অবতরণের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এমতাবস্থায় নিরাপদ বিমান উড্ডয়ণ/অবতরণের স্বাথে প্রতি বছরের ন্যায় কক্সবাজার দক্ষিণ বন বিভাগের সাথে সমন্বয় পূর্বক এপ্রোচ ফানেলে বিদ্যমান ঝাউগাছের উঁচু ডাল পালা ছাঁটাই (Trimming) করা হয়েছে। বিশেষভাবে উল্লেখ্য যে কোন গাছ গোড়া থেকে কর্তন করা হয়নি, শুধুমাত্র উঁচু ডালপালা ছাঁটাই (Trimming) করা হয়েছে।
দেশের পর্যটন খাত বিকাশে সরকার বসে নেই । সরকার দেশের পর্যটন খাতকে টেকসই ও পরিবেশবান্ধব ভিত্তির ওপর গড়ে তুলতে ইকোট্যুরিজম উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে । এ লক্ষ্যে পর্যটনসংশ্লিষ্ট মানবসম্পদ উন্নয়ন, আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ এবং সৃজনশীল অর্থনীতির বিকাশে একাধিক উদ্যোগের কথা ঘোষণা করা হয়েছে। সরকারের উদ্যোগে পর্যটন খাতের পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধির জন্য আন্তর্জাতিক মানের একটি বিশেষায়িত প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে। একই সঙ্গে রন্ধনশিল্পসহ (কুলিনারি আর্ট) পর্যটনসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণকে আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত করতে ‘ইন্টারন্যাশনাল হসপিটালিটি বেঞ্চমার্ক’ নির্ধারণ করা হবে। পর্যটন খাতের প্রশিক্ষণার্থীদের জন্য বিশ্বখ্যাত প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে আন্তর্জাতিক মানের সার্টিফিকেশন ব্যবস্থাও চালু করা হবে। এর ফলে দেশের পর্যটন খাতে দক্ষ জনশক্তি তৈরির পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে। এ ছাড়া সরকার পর্যটন খাতের সামগ্রিক সম্ভাবনা, বৈচিত্র্য ও আধুনিক সৃজনশীল ধারণাগুলোকে অন্তর্ভুক্ত করে একটি সমন্বিত ‘পর্যটনম হাপরিকল্পনা’ দ্রুত চূড়ান্ত করার উদ্যোগ নিয়েছে।
এর বাইরে সরকার সৃজনশীল অর্থনীতি ও পর্যটন খাতের বিকাশে চলতি অর্থবছরে প্রাথমিকভাবে ৩০০ কোটি টাকা বরাদ্দ করেছে। এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) খাত থেকে আরও ৫০০ কোটি টাকার তহবিল সংগ্রহ করা হবে।
সরকারের আশা করছে, এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে দেশের প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্য সংরক্ষণের পাশাপাশি ইকোট্যুরিজমকে কেন্দ্র করে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং পর্যটন খাত জাতীয় অর্থনীতিতে আরও বড় অবদান রাখতে সক্ষম হবে। পাশাপাশি কক্সবাজার কার্নিভালের মতো দেশের অন্যান্য স্থানেও বৃহৎ আন্তর্জাতিক পর্যটন উৎসব আয়োজিত হবে।
লেখক- তথ্য অফিসার, পিআইডি, চট্টগ্রাম।