সেন্টমার্টিন দ্বীপের ইঞ্জিন বিকল হয়ে গভীর সমুদ্রে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১৩ জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড সদস্যরা।
২৯ সেপ্টেম্বর সোমবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
তিনি জানান, গত ২৫ সেপ্টেম্বর ‘এফভি রিফাতথ নামের ফিশিং বোটটি ১৩ জন জেলেকে নিয়ে টেকনাফ থেকে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যায়। পরে ২৮ সেপ্টেম্বর রবিবার বিকেল ৪টার দিকে মাছ আহরণ শেষে ফেরার সময় বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে সেন্টমার্টিনের দক্ষিণে গভীর সমুদ্রে বোটটি ভাসতে থাকে।
এক জেলে কোস্টগার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল করে সহায়তা চান। খবর পেয়ে গভীর সমুদ্রে টহলরত কোস্ট গার্ড সদস্যরা সেন্টমার্টিনের প্রায় ১২ নটিক্যাল মাইল দক্ষিণে বিকল হয়ে ভাসতে থাকা ফিশিং বোটটি শনাক্ত করে ১৩ জেলেকে জীবিত উদ্ধার করা হয়।
উদ্ধার করা জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার দেওয়া হয়। পরে বোটসহ তাদের মালিকপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।