নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে ফাত্রঝিরি গ্রাম সহ ১০ গ্রামের ৩৩০ অসহায়কে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সহ অন্যান্য সেবা দিয়েছে ৩৪ বিজিবি।
মঙ্গলবার( ২৯ সেপ্টেম্বর) দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও অন্যান্য সেবা দানে এলাকায় ব্যাপক সাড়া মিলেছে।
বিজিবি জানায়, সীমান্তবর্তী এলাকায় বসবাসরত অসহায়, গরিব ও দুঃস্থ জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান, ওষুধ বিতরণ, স্থানীয় স্কুল, মাদ্রাসা, কিয়াংঘরে আর্থিক সহায়তা ও ছাত্রদের মাঝে বিভিন্ন উপহার সামগ্রী এবং অসহায় দুঃস্থদের মাঝে রেশন সামগ্রী বিতরণ করা হয়েছে।
সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর ব্যবস্থাপনায় অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলমের নেতৃত্বে ২ জন অভিজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের রেজুপাড়া বিওপির দায়িত্বপূর্ণ ফাত্রাঝিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সীমান্ত এলাকায় বসবাসরত প্রায় ৩৩০ জন অসহায়, গরিব ও দুঃস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান এবং ওষুধ বিতরণ করা হয়েছে।
অধিনায়ক বলেন, 'বিজিবি সীমান্ত পাহারা, মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি সব সময় সীমান্তবর্তী , দরিদ্র ও বিপন্ন মানুষের কল্যাণে পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।'