বাবার সাথে আর্থিক বিরোধের জেরে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে অপহৃত এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে অপহৃত শিশুর দূরসম্পর্কের এক চাচাকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) দিবাগত রাতে ও ভোরে কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ঘোনারপাড়া সুইচ গেইট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
উদ্ধার হওয়া ছয় বছর বয়সী শিশুটির নাম ইয়াসিন আরাফাত। সে রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের আদর্শগ্রাম এলাকার মোহাম্মদ জাহেদের ছেলে। অন্যদিকে, গ্রেফতার অভিযুক্ত নূর হোসেন (৪৫) দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা ঘোনারপাড়া এলাকার বাসিন্দা। সম্পর্কে তিনি ওই শিশুর দূরসম্পর্কের চাচা।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, মঙ্গলবার (১০ মার্চ) রাত ১১টার দিকে শিশুটির মা কহিনুর আক্তার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা চান। তিনি পেশায় একজন দিনমজুর। প্রতিদিনের মতো জঙ্গলে কাঠ কাটতে যাওয়ার সময় অবুঝ দুই শিশুকে ঘরে রেখে যান তিনি। এই সুযোগে অজ্ঞাত ব্যক্তি তার ছেলে ইয়াসিনকে অপহরণ করে অজ্ঞাত স্থানে আটকে রাখে এবং মুক্তিপণ দাবি করে।
এমন সংবাদ পেয়ে পুলিশ রাতভর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানের এক পর্যায়ে ভোরে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ঘোনারপাড়া এলাকার সুইচ গেইট এলাকা থেকে অপহরণকারী নূর হোসেনকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে অপহৃত শিশু ইয়াসিনকে অক্ষত অবস্থায় উদ্ধার করে পুলিশ।
ওসি আরও বলেন, 'প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে শিশুর পিতার সাথে অভিযুক্ত অপহরণকারীর আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধ ছিল। ওই বিরোধের জেরেই টাকা আদায়ের উদ্দেশ্যে শিশুটিকে অপহরণ করা হয়।'
বর্তমানে শিশুটিকে তার মা কহিনুর আক্তারের হেফাজতে দেয়া হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে লিখিত এজাহার প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।