ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) দেশটির বাসিজ বাহিনীর কমান্ডার গোলামরেজা সোলেমানি নিহত হওয়ার বিষয় নিশ্চিত করেছে।
ইরানের অর্ধসরকারি তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল-জাজিরা।
আইআরজিসি জানিয়েছে, সোলেমানি “আমেরিকান-জায়োনিস্ট শত্রুর হামলায়” নিহত হয়েছেন।
আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, সোলেমানি শেষ ছয় বছর ধরে বাসিজ বাহিনীর নেতৃত্বে ছিলেন এবং অভ্যন্তরীণ নিরাপত্তা কর্মকাণ্ড তদারকি করতেন। তিনি বাসিজের জনগণমুখী ও জিহাদি কাঠামো আধুনিকীকরণ, গঠনমূলক আন্দোলন বৃদ্ধি, সুবিধাবঞ্চিতদের সহায়তা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।
বিবৃতিতে আরও বলা হয়, এই ন্যাক্কারজনক হত্যাকাণ্ড প্রমাণ করে যে, বাসিজের ভূমিকা এবং গুরুত্ব কতখানি, বিশেষ করে সাম্প্রতিক যুদ্ধে, আমেরিকান সন্ত্রাসী বাহিনী ও জায়োনিস্ট শাসন এবং তাদের মেরিসেনদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে।
উল্লেখ্য, বাসিজ হলো ইরানের স্বেচ্ছাসেবী মিলিশিয়া বাহিনী, যা মূলত ইসলামী বিপ্লবী গার্ড কর্পসের অধীনে কাজ করে। তাদের দায়িত্বের মধ্যে রয়েছে অভ্যন্তরীণ নিরাপত্তা, সামাজিক কর্মকাণ্ড, দারিদ্র্যহ্রাসমূলক প্রকল্প এবং বিপ্লবী নীতি অনুযায়ী জনগণের মধ্যে প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধি।