কক্সবাজারের চকরিয়ায় বিদ্যালয়ে গিয়ে ইমদাদুল হাসান মারুফ (১৫) নামের এক এসএসসি পরীক্ষার্থী পাঁচদিন ধরে নিখোঁজ রয়েছেন। তবে পরিবারের দাবি, মারুফকে অপহরণ করে কতিপয় দুবৃর্ত্তরা জিন্মি দশায় আটকে রেখে এখন মোবাইল ফোনে মুক্তিপণ হিসেবে টাকা দাবি করছে। মুক্তিপণ দাবি করে পরিবার সদস্যদের কথোপকথনের একটি অডিও রেকর্ড বৃহস্পতিবার দুপুর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে পড়েছে। অডিও রেকর্ডটি চকরিয়া উপজেলার বিভিন্ন গণমাধ্যম কর্মীর হাতেও এসেছে। সেখানে ফোনের অপরপ্রান্তে থাকা অপহরনকারীকে বলতে শুনা যায় মারুফকে বার্মা পাঠিয়ে দেব, তাড়াতাড়ি টাকা পাঠা।
অপহরণের শিকার শিক্ষার্থী মোহাম্মদ মারুফ চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জিদ্দাবাজার এলাকার কৃষক নুরুল আলমের ছেলে। সে পাশের কাকারা শাহওমরা বাদ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী বলে জানিয়েছেন পরিবার সদস্যরা। এ ঘটনায় শিক্ষার্থী মারুফের মাতা রিজুয়ারা বেগম বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত আটটার দিকে চকরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং ৫০) রুজু করেছেন।
জিডিতে রিজুয়ারা বেগম বলেন, গত ২৭ সেপ্টেম্বর সকালে বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় মারুফ। সকাল ১০টার দিকে বিদ্যালয়ে যাওয়ার পর সে আর বাড়িতে ফিরে আসেনি। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। বিদ্যালয় কর্তৃপক্ষও হাজিরা খাতা যাচাই করে ওই দিন তার উপস্থিতি পাওয়া যায়নি বলে জানিয়েছে।
মারুফের বাবা নুরুল আলম জানান, বুধবার সন্ধ্যার পর একটি অজ্ঞাতনামা মোবাইল নম্বর থেকে ফোন করে মারুফকে অপহরণ করা হয়েছে দাবি করে এক লাখ টাকা মুক্তিপণ চান আমার কাছে। আমি গরীব মানুষ বললে উল্টো আমাকে গালিগালাজ করে ফোনের অপরপ্রান্তে থাকা অপহরনকারী।
এমনকি মুক্তিপণের টাকা না দিলে মারুফকে হত্যা করবে, নয়তো বার্মা অথবা মালয়েশিয়া পাচার করে দেওয়া হবে বলে হুমকি ধমকি দিচ্ছে।
এ অবস্থায় মারুফের পরিবার, আত্মীয় স্বজন, এলাকাবাসী দ্রুত সময়ে অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার পুর্বক এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে।
এবিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোহাম্মদ আরিফুর রহমান বলেন, বৃহস্পতিবার রাতে শিক্ষার্থী মারুফ নিখোঁজের ঘটনা জানিয়ে তাঁর মাতা রিজুয়ারা বেগম থানায় একটি জিডি রুজু করেছেন। ওইা জিডির সুত্রধরে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে পুলিশের পক্ষথেকে সর্বোচ্চ সর্তকতার সঙ্গে চেষ্টা করা হচ্ছে।