উচ্চশিক্ষায় পর্যটন শহরকে এগিয়ে নিতে ভর্তি ফিতে অর্ধেক ছাড়সহ নানা সুবিধা নিয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শুরু হলো ৩ দিনের ভর্তি মেলা।
১৮ ফেব্রুয়ারী সকালে কলাতলীস্থ সিবিআইইউ ক্যাম্পাস প্রাঙ্গণে শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ভর্তি মেলা শুভ উদ্বোধন করেন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লায়ন মোহাম্মদ মুজিবুর রহমান।
এরপর বসন্ত বরণ উপলক্ষে শিক্ষার্থীদের বসানো বিভিন্ন স্টল পরিদর্শন করেন তিনি। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বাসন্তী পিঠাপুলিসহ হরেক জাতের খাবার আইটেমে সজ্জিত করে রাখি স্টলগুলো। এসব স্টল ঘুরে সন্তুষ্টির কথা জানিয়েছেন লায়ন মোহাম্মদ মুজিবুর রহমান। শিক্ষার্থীদের হাতে বানানো সুস্বাদু খাবারের প্রশংসা করেন তিনি।
এর আগে বসন্ত বরণ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান।
অনুষ্ঠানে ডিন প্রফেসর কাজী মুস্তাইন বিল্লাহ, ট্রেজারার (ভারপ্রাপ্ত) বেলাল নুর আজিজি বক্তব্য রাখেন। শুরুতে স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার রাজিদুল হক।
এ সময় ডিরেক্টর (এইচআর) খুরশিদুর রহমান, প্রক্টর বদিউল আলমসহ ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
তিন দিনব্যাপী ভর্তি মেলা শেষ হবে আগামীকাল ২০ ফেব্রুয়ারী। এই সময় শিক্ষার্থীরা ভর্তি ফিতে পাচ্ছেন ৫০ শতাংশ ওয়েভার। শতভাগ স্কলারশিপসহ নানা সুযোগ সুবিধা রয়েছে।
ভর্তি মেলা উপলক্ষে বিশ্ববিদ্যালয় আঙিনায় বসানো হয়েছে বিভাগ ভিত্তিক স্টল। যেখানে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা তথ্য নিতে আসছে। স্টলে দায়িত্বগত শিক্ষক ও শিক্ষার্থীরা আন্তরিকতা সহকারে নানা তথ্য প্রদান করেন।
মেলার প্রথম দিনে অভূতপূর্ব সাড়া মিলেছে। ভর্তিচ্ছুক শিক্ষার্থী ও অভিভাবকদের পদচারণায় মুখরিত হয় ক্যাম্পাস। সুশৃঙ্খল ব্যবস্থাপনা ও মনোরম পরিবেশ দেখে উচ্ছ্বসিত তারা।
কক্সবাজারে উচ্চ শিক্ষার বৈপ্লবিক পরিবর্তন আনতে ২০১৩ সালে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (সিবিআইইউ) এর যাত্রা শুরু হয়। মঞ্জুরী কমিশন ও শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন বিশিষ্ট শিক্ষানুরাগী লায়ন মোহাম্মদ মুজিবুর রহমান। প্রতিষ্ঠার পর থেতে দক্ষিণ চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়টি বেশ সাড়া ফেলে। শিক্ষা বিস্তারে রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা।
সিবিআইইউতে ৬ টি বিষয়ে অনার্স কোর্স চালু রয়েছে। সেগুলো হলো- আইন, ইংরেজি, বিবিএ, ইসলামিক স্টাডিজ, কম্পিউটার সায়েন্স ও হসপিটালিটি এন্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট। এছাড়া ইংরেজি, ইসলামিক স্টাডিজ ও বিজনেস এডমিনিস্ট্রেশনে রয়েছে মাস্টার্স প্রোগ্রাম। কম্পিউটার সায়েন্স, লাইব্রেরি এন্ড ইনফরমেশন সায়েন্স এবং হসপিটালিটি এন্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট বিষয়ে ডিপ্লোমা কোর্সের সুযোগ আছে।