সমুদ্রপথে মালয়েশিয়া পাচারকালে কক্সবাজারের টেকনাফ থেকে ১৬ জনকে উদ্ধার করেছে পুলিশ ও কোস্টগার্ড। উদ্ধার ১৬ জনের মধ্যে দুইজন মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টায় মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীয়াপাড়ায় এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আবু সাঈদ।
তিনি বলেন, মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে কয়েকজনকে বাহারছড়ার একটি পাহাড়ি এলাকায় জড়ো করে রাখা হয়েছিল। পরে তাঁরা পাহাড় থেকে নেমে সাগরের দিকে যাওয়ার সময় পুলিশ অভিযান চালায়। প্রথমে মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীয়াপাড়ায় অভিযান চালিয়ে ১৩ জনকে উদ্ধার হয়। পরে পাহাড়ি এলাকায় আরেকটি অভিযানে আরও ৩ জনকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়াদের মধ্যে ২ জন রোহিঙ্গা ক্যাম্পে বাসিন্দা আর বাকি ১৪ জন নরসিংদী ও কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা।
বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আবু সাঈদ বলেন, “মেরিন ড্রাইভের একদিকে পাহাড় ও অন্যদিকে ঝাউবাগান; এসব এলাকা পুলিশের অভিযান চলমান রয়েছে। একই সঙ্গে পাচার কাজে জড়িত ব্যক্তিদের শনাক্তের পাশাপাশি আটকের চেষ্টা করা হচ্ছে।”