কক্সবাজারের উখিয়া ক্যাম্পে বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে ওবায়দুল হক লালু (৩০) নামের স্থানীয় এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।
শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১টা ৪০ মিনিটের ক্যাম্প ১৪, সি/২ ব্লকের অবস্থিত সুন্নাহ মসজিদে জুমার নামাজ শেষে বের হওয়ার সময় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন উখিয়াস্থ ৮ এপিবিএনের অধিনায়ক (ভারপ্রাপ্ত) মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ।
এপিবিএন জানায়, পূর্বশত্রুতা ও বকেটা টাকা চাওয়াকে কেন্দ্র করে রোহিঙ্গা সদস্য ইউনুসের সঙ্গে বাঙালি যুবক ওবাইদুল হক লালুর বিরোধের সৃষ্টি হয়। এক পর্যায়ে ইউনুসের নেতৃত্বে অজ্ঞাত কয়েকজন ব্যক্তি লালুকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে লালুর ডান পায়ের গোড়ালিতে গুলি লাগে।
স্থানীয়দের বরাত দিয়ে এপিবিএন জানায়, ঘটনার সময় আনুমানিক ৫ রাউন্ড গুলিবর্ষণ করা হয়। গুলিবিদ্ধ লালুকে স্থানীয়দের সহায়তায় দ্রুত উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
আহত ওবাইদুল হক লালু উখিয়ার পালংখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছোরাখোলা এলাকার মৃত আবু হোসেনের ছেলে।
উখিয়াস্থ ৮ এপিবিএনের অধিনায়ক (ভারপ্রাপ্ত) মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ বলেন, ঘটনার খবর পেয়ে ৮ এপিবিএনর হাকিমপাড়া ক্যাম্পের কমান্ডার, টহল সদস্য, ব্লকের সাব-মাঝি ও উখিয়া থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরি্িথতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অস্ত্র উদ্ধার বা কাউকে আটক করা হয়নি। গুলিবর্ষণে ব্যবহৃত অস্ত্র, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং তাদের আটকে অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
এদিকে ঘটনার পর ক্যাম্প-১৪ এলাকায় পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে। বর্তমানে ক্যাম্পের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন ৮ এপিবিএনের অধিনায়ক (ভারপ্রাপ্ত) মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ।