কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের পশ্চিম ইছাখালী এলাকায় কথা-কাটাকাটির জেরে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মোস্তফা কামাল (২৯) উল্লেখিত এলাকার স্থানীয় মুক্তারের ছেলে।
সোমবার (১৬ ফেব্রুয়ারী) সন্ধ্যায় ওই ইউনিয়নের সাদাঘোনা নামক স্থানে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, একই এলাকার সাহেদ মিস্ত্রীর ছেলে সুলতান আহমদের সাথে কামালের তুচ্ছ বিষয় নিয়ে কথাকাটাকাটি হয়।
কথাকাটাকাটির একপর্যায়ে সুলতান নিহত কামালকে প্রথমে লাঠি দিয়ে এবং পরে ছুরিকাঘাত করেন। এতে কামাল গুরুতর আহত হন। আশপাশের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে ঈদগাঁওর একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সংবাদ পেয়ে ঈদগাঁও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযান চালিয়ে অভিযুক্ত সুলতানকে আটক করতে সক্ষম হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম সিফাতুল মাজদার জানান, সংঘটিত ঘটনায় অভিযুক্ত সোলতানকে আটক করা হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।