কক্সবাজারের কুতুবদিয়ায় সেচপাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল কাদের (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার লেমশীখালী ইউনিয়নের হাবিব হাজীর পাড়ায় লবণের মাঠে সেচ দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
লেমশীখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজেম উদ্দিন নাজু জানান, পার্শ্ববর্তী লবণ মাঠে সেচ দিতে গিয়ে স্থানীয় আব্দু শুক্কুরের ছেলে আব্দুল কাদের সেচপাম্পের বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নুরুল আফসার তাকে মৃত ঘোষণা করেন।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল আলম জানান, বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং তদন্তে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়। পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।