জাপানের অন্যতম সেরা ও মর্যাদাপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান টোকিও বিশ্ববিদ্যালয়ের (ইউনিভারসিটি অব টকিও) সামার এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছেন কক্সবাজারের চকরিয়ার সন্তান ইয়াশনা ইকতার। আগামী জুলাই-আগস্ট সেশনে তিনি এই আন্তর্জাতিক প্রোগ্রামে অংশ নেবেন। ইয়াশনা বর্তমানে চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন-এ পরিবেশ বিজ্ঞান বিষয়ে স্নাতক পর্যায়ে অধ্যয়নরত।
পারিবারিক সূত্রে জানা যায়, ইয়াশনা ইকতার কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার উত্তর লক্ষ্মীচর ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল আলমের নাতনি। তাঁর পিতা ইকতেরউদ্দিন মো. বায়েজিদ বর্তমানে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এ কর্মরত এবং মাতা একজন আইন বিষয়ে স্নাতক।
বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় একটি বিশ্ববিদ্যালয়ে এমন বিরল সুযোগ পাওয়াকে ইয়াশনার শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাঁর এই অর্জনে পরিবার, শিক্ষক ও সহপাঠীদের মাঝে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে। ইয়াশনার উজ্জ্বল ভবিষ্যৎ, উত্তরোত্তর সাফল্য এবং আগামীতে দেশ ও জাতির কল্যাণে যাতে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন, সেজন্য তাঁর পিতা-মাতা কক্সবাজারবাসীসহ সকল শুভানুধ্যায়ী, আত্মীয়স্বজন ও বন্ধু-বান্ধবের কাছে দোয়া কামনা করেছেন।