বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজারে তিনদিন ব্যাপী নানা আয়োজন করছে জেলা প্রশাসন। ‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’, এই প্রতিপাদ্যে ২৭ সেপ্টেম্বর দিবসটি পালিত হবে।
এই দিবসটি উপলক্ষ্যে অন্যান্য বছরের ন্যায় এবারও বিশ্বের দীর্ঘতম সমুদ্র শহর কক্সবাজারে তিনি দিনের আয়োজনের কথা জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) তাসনীম জাহান।
এডিএম বলেন, ২০২৩ সালে সর্বশেষ জমজমাট ভাবে বিশ্ব পর্যটন দিবস উদযাপন করা হয়েছিল। গত দুবছর তেমন কোনো আয়োজন ছিল না বললেই চলে। কিন্তু এবার পুরোনো আমেজেই বর্ণাঢ্য কলেবরে পর্যটন দিবস উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। অন্য সময়ে বিশ্ব পর্যটন দিবসেই আয়োজন শুরু হয়ে টানা সপ্তাহব্যাপী চলতো। এবার আগেই নানা আয়োজন শুরু হয়ে ২৭ সেপ্টেম্বর দিনব্যাপী নানা আয়োজনের মধ্যদিয়ে উদযাপন সম্পন্ন করা হবে।
তিনি জানান, এবারের পর্যটন দিবসের আগের দুইদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি পড়েছে। সাপ্তাহিক ছুটির দিনগুলোতে কক্সবাজারে ভরপুর পর্যটক উপস্থিতি হয়। তাই শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবসটির আয়োজন শুরু হবে। শুক্রবার সকালে সৈকত পরিচ্ছন্নতা অভিযানের মধ্যে তা শুরু হচ্ছে। দুপুরের পর থেকে সন্ধ্যা রাত পর্যন্ত ফোক সংগীত, ফায়ার শো ও ব্যান্ড সংগীত আয়োজন থাকবে। শনিবার (২৬ সেপ্টেম্বর) চলবে মিউজিক্যাল নাইট। আর রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে শোভাযাত্রা, আলোচনা সভা, রাখাইন নৃত্য ও সমাপনী সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজন হবে। পর্যটন জোনের লাবণী পয়েন্টে, সৈকতের উন্মুক্ত মঞ্চে প্রতিদিন বিকেল থেকে এশার পর্যন্ত সময় তিনদিনের আয়োজন উপভোগ করতে পারবেন পর্যটক এবং দর্শনার্থীরা।
পর্যটন দিবসকে কালারফুল করতে সৈকতের পর্যটন জোনের বিভিন্ন সড়ক ঘুরবে বর্ণাঢ্য র্যালি। এতে টুরিস্ট পুলিশের মোটরসাইকেল শোভাযাত্রা, সমুদ্র সৈকতের ঘোড়ার বহর, বিচ বাইকসহ কক্সবাজারের ঐতিহ্য প্রদর্শনীর উদ্যোগ চলছে। পাশাপাশি, পর্যটন শিল্পের বিকাশ ও প্রসারে বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড হাতে র্যালিতে পর্যটন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ এবং পর্যটকরা অংশ নেবেন। আয়োজনকে সফল করতে সবাইকে অংশ নিতে অনুরোধ জানান জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুর রহমান সায়েম।