উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ আরফ (৪০) নামে এক রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু হয়েছে।
রবিবার (৯ আগস্ট) দুপুরে উখিয়া উপজেলার কুতুপালং ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে বলে জানান উখিয়া থানার ওসি আতিকুর রহমান মজুমদার।
নিহত মোহাম্মদ আরফ (৪০) উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের এইচ-৫৬-এ ব্লকের বাসিন্দা মোহাম্মদ সাইদুল্লাহর ছেলে।
প্রত্যক্ষদর্শী রোহিঙ্গাদের বরাত দিয়ে ওসি জানিয়েছেন, মোহাম্মদ আরফ বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে পাইপ ফিটিং ও গভীর নলকূপ মেরামতের শ্রমিক হিসেবে কাজ করতেন। রবিবার দুপুরে কুতুপালং ৬ নম্বর ক্যাম্পে একটি টিউবওয়েলে প্লাম্বারের কাজ করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে ক্যাম্প ইনচার্জ (সিআইসি) কার্যালয়সংলগ্ন প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিয়ে যান এবং পুলিশকে খবর দেন।
আতিকুর রহমান মজুমদার ঘটনার বলেন, খবরটি শোনার পর মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ক্যাম্প ইনচার্জের তত্ত্বাবধানে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।