মহেশখালীতে গাছ কাটতে গিয়ে এক মর্মান্তিক দুর্ঘটনায় আব্দুল কাইয়ুম (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১৮ মার্চ) সকালে উপজেলার শাপলাপুর ইউনিয়নের বারিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গাছের বিশাল গুঁড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে। নিহত আব্দুল কাইয়ুম শাপলাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বারঘরপাড়া এলাকার মোহাম্মদ মিয়ার ছেলে। তিনি পেশায় একজন কাঠুরিয়া ও দিনমজুর ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় জীবিকার তাগিদে বুধবার ভোরে ঘর থেকে বের হন আব্দুল কাইয়ুম। সকাল আনুমানিক ৭টার দিকে শাপলাপুর ইউনিয়নের বারিয়াপাড়া আদর্শ গ্রাম সংলগ্ন একটি বাড়িতে গাছ কাটার কাজ শুরু করেন তিনি। কাজ চলাকালীন হঠাৎ একটি বিশাল গাছের গুঁড়ি নিয়ন্ত্রণের বাইরে গিয়ে সরাসরি তাঁর ওপর আছড়ে পড়ে। এতে তিনি গুঁড়ির নিচে আটকা পড়েন এবং শরীরের বিভিন্ন অংশে মারাত্মক আঘাত পান।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ একটি বিকট শব্দ শুনে তাঁরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে দেখেন বিশাল এক গাছের গুঁড়ির নিচে চাপা পড়ে যন্ত্রণায় ছটফট করছেন কাইয়ুম। এলাকাবাসী অত্যন্ত কষ্টের সাথে তাঁকে উদ্ধার করে দ্রুত মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত আব্দুল কাইয়ুমের প্রতিবেশীরা জানান, কাইয়ুম অত্যন্ত পরিশ্রমী ও অমায়িক ব্যবহারের মানুষ ছিলেন। হাড়ভাঙা খাটুনি খেটে শ্রমিকের কাজ করেই তিনি তাঁর পরিবারের অভাব-অনটনের সংসার চালাতেন। শাপলাপুরের পাহাড়ি জনপদে গাছ কাটতে গিয়ে কাইয়ুমের এই অকাল মৃত্যুতে তাঁর পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।