স্টাফ রিপোর্টার, পেকুয়া
পেকুয়া উপজেলায় ২০২৬-২০২৭ অর্থ বছরের প্রথম পর্যায়ের অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির কর্মসৃজন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। বিশ্ব ব্যাংকের অর্থায়নে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি 'প্লাস' (ইজিপিপি+) কর্মসূচির প্রকল্পের কাজের উদ্বোধন করা হয়।
শনিবার (৩ অক্টোবর) সকালে পেকুয়া সদর ইউনিয়নে আনুষ্ঠানিক ভাবে এ কর্মসূচি কাজের উদ্বোধন করেন উপজেলা সহকারি কমিশনার ভূমি আনিসুল ইসলাম । একযোগে ৭ টি ইউনিয়নে ৪০টি প্রকল্পের কর্মসূচির কাজ শুরু হয়।
২০২৬-২০২৭ অর্থ বছরের অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির প্রথম পর্যায়ে উপজেলার ৭টি ইউনিয়নে রাস্তার কাজ একযোগে শুরু হয়েছে। এতে ১০৩ দিনের কর্মসূচিতে দৈনিক ৫’শ টাকা করে ২০৪২ জন শ্রমিক কাজ করছে।
উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ কাউছার আহমদ, উপ-সহকারী প্রকৌশলী সামিউল ইসলাম, সহযোগী প্রতিষ্ঠানের জাহিদ হোসাইন, মোহাম্মদ শরিফ ও আব্দু রহমান সহ অনেকেই।