কক্সবাজারের রামুতে মুরগির খোঁয়ালের ভেতর ও বাঁশঝাড়ের শুকনো পাতার নিচে স্পোর্টস ব্যাগে রাখা ৭০ হাজার ইয়াবাসহ এক নারীকে আটক করেছে পুলিশ।
বুধবার দিনগত রাতে এক বার্তায় এ তথ্যটি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস।
আটক নারী রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের ছাদিরকাটা গ্রামের জিয়াউর রহমানের স্ত্রী আয়েশা বেগম (৩৬)।
অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস বলেন, কক্সবাজারের রামুর ছাদিরকাটা গ্রামের একাধিক মামলার পলাতক আসামী আব্দুল্লাহ ও তার বোন আয়েশা বেগম পরষ্পর যোগসাজশে বিক্রির জন্য বিপুল পরিমাণ ইয়াবা মজুদ করেছে। সংবাদ সত্যতা যাচাইয়ের জন্য রামুর বুধবার সন্ধ্যায় রামু উপজেলার খুনিয়াপালং ইউপির ছাদিরকাটা এলাকায় জিয়াউর রহমানের বসতবাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়। তল্লাশীকালে তার বসতঘরের উত্তর পাশে মুরগির খোঁয়ালের ভেতরে লুকায়িত অবস্থায় একটি সাদা পলিথিনের প্যাকেট হতে ৫০ হাজার ইয়াবা এবং বসতঘরের দক্ষিণ পাশে বাঁশঝাড়ের শুকনো পাতার নিচে একটি স্পোর্টস ব্যাগের ভিতরে সাদা পলিথিনে মোড়ানো ২০ হাজার ইয়াবা জব্দ করা হয়। এসময় আটক করা হয় জিয়াউর রহমানের স্ত্রী আয়েশা বেগমকে আটক করা হয়।
এব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে বলেও জানান অলক বিশ্বাস।